নরসিংদীর শিবপুরে সৈয়দ সারোয়ার জাহান হত্যা মামলার আসামিপক্ষের হামলায় বাদীপক্ষের তিনজন আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার কোদালকাটা গ্রামে এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তিদের মধ্যে সারোয়ার জাহানের চাচা নরসিংদী জেলা কৃষক লীগের বন ও পরিবেশবিষয়ক সম্পাদক সৈয়দ সাইফুল ইসলাম (৫২) ও চাচাতো ভাই সৈয়দ নিফাদুল ইসলামকে (২৫) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর সারোয়ার জাহানের ছোট ভাই সৈয়দ সানাউল করিমকে (৩২) নরসিংদী জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্বজনেরা বলেন, সারোয়ারের বাড়ি শিবপুর উপজেলার ছুটাবন্দ গ্রামে। ২৭ মে রাতে তিনি নিখোঁজ হন। গত ৩০ মে পার্শ্ববর্তী গ্রামের একটি ময়লার গর্ত থেকে তাঁর বস্তাবন্দী লাশ উদ্ধার করে শিবপুর থানার পুলিশ। সারোয়ারের স্ত্রী ফেরদৌসী বেগমের দায়ের করা মামলায় আসামি করা হয় একই গ্রামের আব্দুল কাদির, তাঁর ছেলে ফটিক মিয়া, জামাতা লিটন মিয়াসহ অজ্ঞাত কয়েকজনকে। ৩০ মে এজাহারভুক্ত আব্দুল কাদির, লিটন মিয়া ও সন্দেহভাজন হিসেবে আনোয়ার হোসেন নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাঁরা ২১ জুন জামিনে মুক্ত হন। জামিনে মুক্ত হওয়ার পর বিষয়টির মীমাংসার জন্য চাপ দিয়ে আসছিল আসামিপক্ষ। কিন্তু বাদীপক্ষ মেনে না নেওয়ায় গতকাল দুপুর ১২টার দিকে হামলা চালানো হয়।
সারোয়ারের চাচি শিবপুর উপজেলা ভাইস চেয়ারম্যান নাছিমা সুলতানা বলেন, আসামিরা জামিনে মুক্ত হয়ে মামলা তুলে নেওয়ার জন্য চাপ দিচ্ছিলেন। মামলা তুলে না নিলে বাদীসহ অন্যদের হত্যারও হুমকি দেওয়া হয়।
শিবপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) রেজাউল বলেন, হামলাকারীরা সারোয়ার হত্যা মামলার এজাহারনামীয় আসামি। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।