আসামির আবেদন খারিজ, মামলা চলবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার তালসরা দরবার শরিফ থেকে টাকা লুটের ঘটনায় করা মামলা বাতিল চেয়ে র্যাব-৭ চট্টগ্রামের সাবেক অধিনায়ক লে. কর্নেল (বরখাস্ত) জুলফিকার আলী মজুমদারের আবেদন (রুল ডিসচার্জ) খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। এর ফলে ওই মামলা চলতে আইনগত কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।
গতকাল বুধবার বিচারপতি এম মোয়াজ্জাম হোসেন ও বিচারপতি মো. বদরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে জুলফিকার আলী মজুমদারের পক্ষে ছিলেন আইনজীবী বি এম ইলিয়াস। দরবার শরিফের পক্ষে ছিলেন আইনজীবী আবদুল্লাহ আল মামুন, মো. এনাম ও মো. মামুন।
পরে বি এম ইলিয়াস প্রথম আলোকে বলেন, ‘জুলফিকার আলী মজুমদারের করা মামলা (আবেদন) না চালানোর আবেদন করি। এর পরিপ্রেক্ষিতে আদালত রুল খারিজ করে দিয়েছেন ও স্থগিতাদেশ প্রত্যাহার করেছেন।’
আবদুল্লাহ আল মামুন প্রথম আলোকে বলেন, স্থগিতাদেশ প্রত্যাহার হওয়ায় এখন ওই মামলাটি চলতে আইনগত কোনো বাধা নেই।
২০১১ সালের ৪ নভেম্বর আনোয়ারা উপজেলার তালসরা দরবার শরিফ থেকে ২ কোটি ৭ হাজার টাকা লুট হয়। ওই ঘটনায় ২০১২ সালের ১৩ মার্চ তালসরা দরবার শরিফের গাড়িচালক ইদ্রিস আলী আনোয়ারা থানায় একটি মামলা করেন। ওই বছরের ৩০ এপ্রিল জুলফিকার আলী মজুমদার চাকরিচ্যুত হন। ৩ মে জুলফিকারকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তিনি জামিন পান। ওই মামলায় ২০১২ সালের ২৫ জুলাই আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আবদুস সামাদ চট্টগ্রামের মুখ্য বিচারিক হাকিম আদালতে দণ্ডবিধির ৩৯৫ ও ৩৯৭ ধারায় সাতজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। ওই মামলা বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেন জুলফিকার আলী মজুমদার। শুনানি নিয়ে ২০১৩ সালের ১২ ফেব্রুয়ারি হাইকোর্ট রুল ও স্থগিতাদেশ দেন।