আসামির কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযাগ জেলারের বিরুদ্ধে মামলা
লক্ষ্মীপুর জেলা কারাগারের জেলার মো. শরিফুল ইসলামের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগে মামলা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে সিনিয়র স্পেশাল জজ আদালতে মামলাটি করেন জামিনে মুক্তি পাওয়া আসামি মো. আলাউদ্দিন।
আদালত-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক এ কে এম আবুল কাশেম মামলাটি আমলে নিয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) নোয়াখালী আঞ্চলিক কার্যালয়ের উপপরিচালককে তদন্তের আদেশ দেন।
মামলার আরজি সূত্রে জানা গেছে, ২০১৬ সালের ১৬ নভেম্বর রায়পুর উপজেলার দক্ষিণ রায়পুর গ্রামের আলাউদ্দিনকে একটি অস্ত্র মামলায় গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের পরের দিন আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়। ২ এপ্রিল উচ্চ আদালতের জামিনের কপি কারাগারে পৌঁছার পর জেলার মো. শরিফুল ইসলাম নিজের কক্ষে আলাউদ্দিনকে ডেকে নিয়ে বলেন, ‘এসপি সাহেব জেলগেট থেকে তোমাকে ডিবি পুলিশের হাতে তুলে দিতে বলেছেন। এখন তুমি যদি বাঁচতে চাও আমাকে ২০ হাজার টাকা ঘুষ দাও, তাহলে আমি তোমাকে ডিবি পুলিশের হাতে তুলে দেব না।’ এরপর আলাউদ্দিন দক্ষিণ রায়পুর গ্রামের তোফায়েল আহম্মদের ছেলে ফরিদ, কালামিয়ার ছেলে আক্তার, সুলতান আহম্মদের ছেলে সুমনের কাছ থেকে সাড়ে সাত হাজার টাকা নিয়ে জেলারকে দেন। পরে ওই তিনজন আলাউদ্দিনকে সঙ্গে নিয়ে রায়পুরের বাড়িতে চলে যান।
এ বিষয়ে জানতে চাইলে জেলার শরিফুল ইসলাম বলেন, তিনি যোগদানের পর থেকে কারাগারের ভেতরে অনিয়ম ও অবৈধ সুবিধা বন্ধ করতে কাজ করছেন। একটি অশুভ চক্র তাঁর বিরুদ্ধে এ মিথ্যা মামলা করেছে।