চট্টগ্রামের বাঁশখালীতে, খুন, ডাকাতিসহ ১৭ মামলার এক আসামি নিহত হয়েছেন। তাঁর নাম আবদুর রহমান (৫০)। গতকাল রোববার ভোরে উপজেলার চাম্বল ইউনিয়নের চূঁড়ান্তমুড়া পাহাড়ি এলাকা থেকে গুলিবিদ্ধ অবস্থায় তাঁর লাশ উদ্ধার করে পুলিশ। নিহত ব্যক্তির স্বজনদের দাবি গত শুক্রবার বিকেলে বাড়ির সামনে থেকে তাঁকে পুলিশ ধরে নিয়ে যায়। তবে পুলিশের দাবি ‘দুই পক্ষের গোলাগুলিতে’ আবদুর রহমান মারা গেছেন।
বাঁশখালীর চাম্বল ইউনিয়নের সদস্য আব্দুল মাবুদ বলেন, শনিবার দিবাগত রাত দুইটার দিকে চূঁড়ান্তমুড়া পাহাড়ে গোলাগুলির শব্দ শোনা গেছে। থানায় খবর দেওয়া হলে পরে পুলিশ এসে একটি লাশ নিয়ে যায়।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর বলেন, আধিপত্য বিস্তার ও ভাগ-বাটোয়ারা নিয়ে পাহাড়ি এলাকায় ডাকাতদের দুই পক্ষের মধ্যে গোলাগুলি হচ্ছে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতেরা পালিয়ে যান। ঘটনাস্থলে গুলিবিদ্ধ অবস্থায় আবদুর রহমানকে পড়ে থাকতে দেখা যায়। তাঁকে উদ্ধার করে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে একটি একনলা বন্দুক, ছয়টি গুলি ও ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য আবদুর রহমানের লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি।
নিহত আবদুর রহমানের বড় ছেলে কামাল উদ্দিন দাবি করেন, গত শুক্রবার বিকেল সাড়ে পাঁচটার দিকে অটোরিকশা করে আসা সাতজন পুলিশ সদস্য বাড়ির সামনের একটি দোকান থেকে তাঁর বাবাকে ধরে নিয়ে যায়। সেদিন থানায় তাঁরা দেখা করতে গেলে পুলিশ দেখা করতে দেয়নি। রোববার সকালে তাঁরা জানতে পারেন, পাহাড়ি এলাকায় তাঁর বাবার গুলিবিদ্ধ লাশ পাওয়া গেছে।