আসামির দায়ের কোপে এসআই গুরুতর আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় গতকাল সোমবার মাদকবিরোধী অভিযানে আসামি ধরতে গিয়ে ধারালো অস্ত্রের আঘাতে পুলিশের উপপরিদর্শক (এসআই) জাহিদ হাসান গুরুতর আহত হয়েছেন। তাঁকে রংপুর মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে আদিতমারী থানা-পুলিশের একটি দল উপজেলার মান্নানের চৌপথি এলাকায় যায়। সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে একাধিক মাদক মামলার পরোয়ানাভুক্ত আসামি সাইফুল ইসলামকে দেখতে পেয়ে এসআই জাহিদ হাসান গ্রেপ্তারের চেষ্টা করেন। পুলিশের অন্য তিন সদস্য কিছুটা দূরে ছিলেন। সাইফুলের দায়ের কোপে জাহিদ হাসান গুরুতর আহত হন। সাইফুল ও তাঁর সঙ্গীরা ভারত সীমান্তের দিকে পালিয়ে যান। জাহিদ হাসানকে দ্রুত লালমনিরহাট সদর হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শামীমা নাজনীন বলেন, জাহিদের বাঁ হাতের কবজি, গলা, বাঁ কান, কপাল ও বাঁ চোখের নিচে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। উন্নত চিকিৎসার জন্য রাতে তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
লালমনিরহাটের এএসপি (সদর সার্কেল) শহীদ সোহরাওয়ার্দী বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে মাদক মামলার পলাতক আসামিকে ধরতে গিয়ে এসআই জাহিদ গুরুতর আহত হয়েছেন। কিন্তু অভিযান বন্ধ হবে না। ভবিষ্যতে এ কার্যক্রম আরও কঠোরভাবে পরিচালনা করা হবে।