পিরোজপুরের নাজিরপুর উপজেলার কলাতলা গ্রামে প্রতিপক্ষের হামলায় আহত যুবলীগের নেতা ইলিয়াস হোসেন (৩৫) মারা গেছেন। গত সোমবার রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়। ২ অক্টোবর সকালে বাড়ি থেকে গরু কিনতে যাওয়ার পথে প্রতিপক্ষের হামলায় তিনি আহত হয়েছিলেন।
ইলিয়াসের মৃত্যুর পর গত মঙ্গলবার দুপুর ও রাতে আওয়ামী লীগের স্থানীয় নেতা-কর্মীরা মামলার আসামি ও বিএনপির কর্মী কলাতলা গ্রামের নূরুল ইসলাম শেখের দোকান এবং আসামি হানিফ শেখ ও মোক্তার শেখ নামের এক ব্যক্তির বসতঘরে ভাঙচুর শেষে অগ্নিসংযোগ করেন।
এদিকে গতকাল বুধবার সকালে উপজেলা সদরে ইলিয়াসের লাশ নিয়ে মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা।
উপজেলার সদর ইউনিয়নের কলাতলা গ্রামের ইব্রাহিম শেখের ছেলে ইলিয়াস হোসেন ৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক ছিলেন।
নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, হামলার ঘটনায় মামলা হয়েছে। আসামি হানিফ শেখ (২৪), হায়দার আলী (৩২) ও কালাচান বয়াতীকে (৪৮) গ্রেপ্তার করা হয়েছে। কলাতলা গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।