আসামির বাড়িতে অগ্নিসংযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার সাওরাইদ গ্রামে মুগুর দিয়ে পিটিয়ে কুয়েতপ্রবাসীর স্ত্রীকে হত্যার ঘটনায় উত্তেজিত এলাকাবাসী অভিযুক্ত আসামির বাড়িতে অগ্নিসংযোগ করেছে। গতকাল বুধবার সকালে এ ঘটনা ঘটে। এলাকাবাসী আসামি নূর আলম ওরফে নূরাকে আটক করে পুলিশ দিয়েছে।
নিহত ব্যক্তি হলেন সাওরাইদ গ্রামের কুয়েতপ্রবাসী শাহাবুদ্দিনের স্ত্রী মিনারা বেগম (৪০)।
নিহত ব্যক্তির পরিবার, এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, সাওরাইদ গ্রামে গত মঙ্গলবার দুপুর ১২টার দিকে মিনারা বেগম গরুর জন্য ঘাস কাটতে বাড়ির পাশের মাঠে যান। মাঠে গিয়ে মিনারা তাঁর কাছে থাকা মুঠোফোনে প্রবাসী স্বামীর সঙ্গে কথা বলেন। ওই সময় একই ইউনিয়নের বরাইদ গ্রামের মো. নূর চান শেখের মাদকাসক্ত ছেলে নূর আলম ওরফে নূরা (২৫) মিনারার সঙ্গে থাকা মুঠোফোনটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। কিন্তু মিনারা দিতে না চাইলে মাঠে থাকা মুগুর দিয়ে তাঁর মাথায় আঘাত করে। আঘাতে মিনারা বেগমের মাথার মগজ বেরিয়ে যায় এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এ সময় স্থানীয় লোকজন দৌড়ে এলে নূরা পালিয়ে যায়। তবে ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে পালিয়ে যাওয়ার সময় নূরার বড় ভাই রুহুল আমিনকে আটক করে পুলিশ। নিহত মিনারার এক ছেলে ও দুই মেয়ে রয়েছে। খবর পেয়ে পুলিশ নিহত মিনারার লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
গতকাল বুধবার সকালে নূরাকে তাঁর বাড়ি থেকে ধরে ফেলে মিনারা বেগমের স্বজন ও এলাকাবাসী। এ সময় উত্তেজিত এলাকাবাসী তাকে গণপিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ এসে নূরাকে গ্রেপ্তার করে।