আসামির বাড়িতে ভাঙচুর ও লুটের অভিযোগ
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বাদুরা গ্রামে একটি মামলার আসামির ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাট করা হয়েছে। বাদীপক্ষের লোকজন পুলিশের উপস্থিতিতে ওই ঘটনা ঘটান বলে অভিযোগ পাওয়া গেছে।
মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বাদুরা গ্রামের জাকির হোসেন ও তাঁর স্ত্রী খাদিজা বেগমের মধ্যে দীর্ঘদিন ধরে দাম্পত্য কলহ চলছে। জাকির খাদিজার অনুমতি ছাড়া কয়েক বছর আগে গোপনে দ্বিতীয় বিয়ে করেন। গত মঙ্গলবার এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। জাকির খাদিজাকে মারধর করেন।
এ ঘটনায় গত বৃহস্পতিবার খাদিজা স্বামীসহ ছয়জনের বিরুদ্ধে থানায় মামলা করেন। ওই দিন বিকেলে থানার পুলিশ স্থানীয় গ্রামপুলিশ শাহ আলমসহ সাত-আটজন যুবক নিয়ে জাকিরের বাড়িতে যান। এ সময় তাঁরা আসামিদের না পেয়ে জাকির ও তাঁর দুই ভাইয়ের বাড়িসহ প্রতিবেশীদের কয়েকটি বাড়িতে গিয়ে তল্লাশি চালান।
ঘটনার প্রত্যক্ষদর্শী জাকিরের বড় ভাইয়ের মেয়ে কারিমা আক্তার বলেন, ‘পুলিশ আসার খবর পেয়ে আমাদের বাড়ির লোকজন ঘরে তালা ঝুলিয়ে চলে যায়। আমি তালাবদ্ধ একটি ঘরের মধ্যে ছিলাম। গ্রামপুলিশ শাহ আলম আমাদের ঘরের তালা ভেঙে ভেতরে ঢোকে। আমি ভয়ে চৌকির নিচে পালিয়ে ছিলাম। পুলিশের উপস্থিতিতেই কয়েকজন যুবক আমাদের বাড়িঘর ভাঙচুর ও টাকা লুট করে চলে যায়।’
জাকিরের বাবা আবদুল আলী অভিযোগ করেন, বাদীপক্ষের লোকজন তাঁর আলমারিতে রাখা ৫২ হাজার টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে। আলমারি ভাঙচুরের পাশাপাশি একটি গরুকে রড দিয়ে পিটিয়ে জখম করা হয়।
গ্রামপুলিশ শাহ আলম অভিযোগ অস্বীকার করে বলেন, ‘পুলিশের সঙ্গে আমি আসামি ধরতে গিয়েছিলাম। আমরা চলে আসার পর তাঁরা নিজেরা ভাঙচুর করে আমাদের বিরুদ্ধে অভিযোগ করছেন।’
মামলার তদন্ত কর্মকর্তা মঠবাড়িয়া থানার উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম বলেন, আসামি গ্রেপ্তার করতে পুলিশ জাকিরের বাড়িতে গিয়েছিল। তবে সেখানে ভাঙচুর বা লুটের ঘটনা ঘটেনি।