আসামির বাড়িতে ভাঙচুর ও লুটপাটের অভিযোগে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরা সদর উপজেলায় কলেজছাত্র গৌতম সরকার হত্যা মামলার প্রধান আসামি শাহাদাৎ মোড়লের বাড়িতে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগে ১২ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। গত বৃহস্পতিবার শাহাদাতের মা কাঞ্চন বিবি জেলার জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে মামলাটি করেন।
জ্যেষ্ঠ বিচারক হাকিম হাবিবুল্লাহ মাহমুদ মামলাটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছেন। মামলার আসামিরা হলেন সদর উপজেলার মহাদেবনগর গ্রামের শ্যামল, গুরুপদ, হারান, পলাশ, অর্জুন, বিষ্ণু, অনুপ, অঞ্জন, শেখর, অলকেশ, সুজয় ও স্বপন।
আরজিতে বাদী কাঞ্চন বিবি বলেন, গত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ইউপি সদস্য গণেশ সরকারের বিরোধিতা করার কারণে তাঁর স্বামী করিম মোড়ল ও তিন ছেলের সঙ্গে একটি পক্ষের বিরোধ চলে আসছিল। এর জের ধরে ১৭ ডিসেম্বর সকাল ১০টার দিকে আসামিরাসহ ২০ জন তাঁর তিন ছেলের বাড়িতে হামলা চালান। এ সময় শ্যামলের নেতৃত্বে শাহজাহান ও ছায়েলের বাড়িতে ঢুকে আসবাব ভাঙচুর করা হয়। পরে ওই ২০ জন তাঁর তিন ছেলের ঘরে থাকা সোনার গয়না ও ছয় লাখ টাকাসহ বিভিন্ন জিনিস লুট করেন। পরে তাঁর তিন ছেলের বসতঘর আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়। এতে ঘরের ছাদ ধসে পড়ার উপক্রম হয়। তিনি ও তাঁর স্বামী প্রতিহত করার চেষ্টা করলে হামলাকারীরা তাঁদের মারধর করে আগুন দিয়ে পুড়িয়ে মারার ভয় দেখান।
ঘোনা ইউপি চেয়ারম্যান ফজলুর রহমান বলেন, কাঞ্চন বিবির ছেলে শাহাদাৎ মোড়ল গৌতম হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া প্রধান আসামি। জনরোষ থেকে বাঁচতে শাহাদাতের ভাই ও সহযোগীরা নিজেদের ঘরে আগুন দিয়ে অপপ্রচার চালাচ্ছেন। গৌতম হত্যাকাণ্ড ভিন্ন খাতে প্রবাহিত করতে একটি মহল শাহাদাতের পরিবারের সদস্যদের দিয়ে গণেশ সরকারের সঙ্গে সখ্য রয়েছে এমন ১২ জনের নামে হয়রানিমূলক মামলা করিয়েছে।
সাতক্ষীরা সদর থানার পরিদর্শক (তদন্ত) আলমগীর কবীর গতকাল শনিবার বলেন, তাঁরা মামলার কথা শুনেছেন। তবে আদালত থেকে মামলার কপি পাননি।
থানা-পুলিশ জানায়, ১০ লাখ টাকা মুক্তিপণের দাবিতে ১৩ ডিসেম্বর মহাদেবনগর গ্রামের ইউপি সদস্য গণেশ সরকারের ছেলে কলেজছাত্র গৌতম সরকারকে অপহরণ করে দুর্বৃত্তরা। এর চার দিন পর ১৭ ডিসেম্বর বাড়ির পাশের পুকুর থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ। গৌতম সরকার মাহমুদপুর সীমান্ত আদর্শ কলেজের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ছাত্র ছিলেন। এ ঘটনায় পুলিশ এ পর্যন্ত পাঁচজনকে আটক করেছে। তাঁরা হলেন সাজু শেখ, নাজমুল হোসেন, শাহাদাৎ মোড়ল, মহসিন আলী ও শাওন। তাঁদের মধ্যে শাহাদাৎ মোড়ল ও নাজমুল হোসেন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।