আসামির বিরুদ্ধে বাদীর ভাইকে কুপিয়ে জখমের অভিযোগ
বরিশালের উজিরপুর উপজেলার হস্তীশুণ্ড গ্রামে আট মাসের শিশু মরিয়ম হত্যা মামলা প্রত্যাহার না করায় বাদীর ভাইকে গত মঙ্গলবার রাতে হত্যার চেষ্টা চালিয়ে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। মরিয়ম হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ও ভাড়াটে সন্ত্রাসীরা এ হামলা চালায়।
হামলায় আহত ব্যক্তির নাম আবু সুফিয়ান (১৭)। তাকে গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সে নিহত শিশু মরিয়মের চাচা। এ ঘটনায় গতকাল বুধবার উজিরপুর মডেল থানায় মামলা হয়েছে।
মরিয়ম হত্যা মামলার বাদী ইমরান মিয়া বলেন, তাঁর একমাত্র মেয়ে মরিয়মকে শত্রুতার জের ধরে গত ১৮ আগস্ট একই গ্রামের আবু বক্কর সেলিম ও তাঁর পরিবারের সদস্যরা পরিকল্পিতভাবে হত্যা করেন। এ ঘটনায় তিনি সেলিম ও তাঁর পরিবারের সদস্যদের আসামি করে মামলা করেন। এরপর দীর্ঘদিন সপরিবারে সেলিম আত্মগোপনে ছিলেন। সম্প্রতি সেলিম উচ্চ আদালত থেকে জামিন নিয়ে বাড়িতে ফিরে মামলা তুলে নেওয়ার জন্য পরিবারের সদস্যসহ তাঁকে বিভিন্নভাবে হুমকি দেন। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে সেলিম মিয়া ও তাঁর ভাই মাহফুজ মিয়াসহ ভাড়াটে তিন-চারজন সন্ত্রাসী তাঁর ছোট ভাই আবু সুফিয়ানকে কুপিয়ে হত্যার চেষ্টা চালায়। স্থানীয় ব্যক্তিরা মুমূর্ষু অবস্থায় সুফিয়ানকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
সেলিম মিয়া ও মাহফুজ মিয়া বলেন, ‘জামিনে আসার পর মামলার বাদী আমাদের হয়রানি করতে নতুন করে মিথ্যা হামলার নাটক সাজিয়ে মামলা করেছে।’