আসামির বিলবোর্ডে শঙ্কায় বাদী
মামলা প্রত্যাহারের দাবিতে এক আসামি নিজের ছবিসহ বিলবোর্ড টাঙানোয় নিরাপত্তাহীনতায় ভুগছেন খুন হওয়া যুবলীগের কর্মী মেহেদী হাসানের স্ত্রী মোবাশ্বেরা বেগম। গতকাল শনিবার চট্টগ্রাম প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘বিচারাধীন হত্যা মামলার চিহ্নিত আসামিদের পক্ষে সাফাই গেয়ে বিলবোর্ড টাঙানো সভ্য বিবেককে আহত করে এবং মামলার বাদী হিসেবে আমি শঙ্কিত।’
মোবাশ্বেরা বেগম অভিযোগ করেন, তাঁর স্বামী হত্যার তিন পরিকল্পনাকারী বিদেশে বসে হত্যা মামলাকে প্রভাবিত করার চেষ্টা করছেন। গত ১ সেপ্টেম্বর রাতে মেহেদীকে গুলি করে হত্যা করা হয়। খুন হওয়ার দুই মাস আগে হত্যার আশঙ্কার কথা জানিয়ে তিনি আদালতে সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন।
সংবাদ সম্মেলনে মোবাশ্বেরা বেগম বলেন, চার মাস পেরিয়ে গেলেও মামলার এজাহারভুক্ত আসামিদের পুলিশ গ্রেপ্তার করতে পারেনি। দুজন এজাহারভুক্ত আসামি নুরুল আলম ও আবদুল খালেক নিম্ন আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন। তিনি বলেন, মামলার অন্য আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন। তাঁরা প্রতিনিয়ত তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের হত্যার হুমকি এবং মামলা প্রত্যাহারের জন্য চাপ দিচ্ছেন। এই পরিস্থিতিতে চরম নিরাপত্তাহীনতায় ভুগছে তাঁর পরিবার। এ ব্যাপারে বায়েজিদ থানায় তাঁরা একটি সাধারণ ডায়েরি করেছেন।
মোবাশ্বেরা বেগম বলেন, মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে একজন আসামি বিলবোর্ড টাঙিয়েছেন। এ নিয়ে একটি জাতীয় দৈনিকে প্রতিবেদন প্রকাশ করা হয়। আসামিদের পক্ষে প্রচারণার কারণে তাঁর পরিবার শঙ্কিত।
গত ১১ ডিসেম্বর প্রথম আলোয় ‘বিলবোর্ডে খুনের মামলা প্রত্যাহারের দাবি সন্ত্রাসীর!’ শিরোনামে প্রতিবেদন প্রকাশ করা হয়।
সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, গত সিটি নির্বাচনে মেহেদী হাসান বিএনপির এক কাউন্সিলর প্রার্থীর বিপক্ষে কাজ করায় তখন থেকেই তাঁকে হুমকি দেওয়া হচ্ছিল। সন্ত্রাসীরা তাঁদের বাসায় গুলি করলেও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি।