আসামির শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুর সদর থানাহাজতে এক নারী (২৬) আসামির শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে এক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে।
গত সোমবার পিরোজপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে ওই নারী মামলাটি করেন। ট্রাইব্যুনালের বিচারক মো. গোলাম কিবরিয়া মামলা আমলে নিয়ে অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিমকে বিচার বিভাগীয় তদন্তের আদেশ দিয়েছেন।
ওই নারী ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ১৭ অক্টোবর দুপুরে ওই নারী ও তাঁর মাকে দুটি মামলায় গ্রেপ্তার করে পুলিশ।
রাত সাড়ে ১১টার দিকে থানাহাজত থেকে বাদীকে জিজ্ঞাসাবাদের কথা বলে এক কর্মকর্তা তাঁকে তাঁর কক্ষে নিয়ে যান। সেখানে ওই কর্মকর্তা তাঁকে যৌন হয়রানি করেন। এরপর খারাপ প্রস্তাব দেন। এ সময় ওই নারী উচ্চ স্বরে কান্নাকাটি শুরু করলে থানায় উপস্থিত তাঁর তিন আত্মীয় ও দুই নারী পুলিশ ছুটে গিয়ে তাঁকে উদ্ধার করেন। পরদিন তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ। ২৫ অক্টোবর তাঁরা জামিন পান। পরে তাঁরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছে ওই কর্মকর্তার বিরুদ্ধে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ দেন। কিন্তু কোনো প্রতিকার পাননি। এরপর আইনজীবীর সঙ্গে পরামর্শ করে আদালতে তিনি ওই মামলা করেন।
অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত কর্মকর্তা বলেন, ‘থানা থেকে আদালতে নেওয়া পর্যন্ত ওই নারী ও তাঁর মায়ের সঙ্গে নারী পুলিশ ছিল। আমি ওই মামলার তদন্ত কর্মকর্তা। তাঁদের গ্রেপ্তার করায় ক্ষিপ্ত হয়ে ওই নারী মামলা করেছেন।’
সদর থানার ওসি মো. এনায়েত হোসেন বলেন, ‘মামলা সম্পর্কে আমি কিছুই জানি না। মা ও মেয়েকে গ্রেপ্তারের পর ওই সময় এ ধরনের (শ্লীলতাহানির চেষ্টার) কোনো অভিযোগও কেউ করেননি।’