আসামির হাতকড়াসহ পলায়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শকের কাছ থেকে হাতকড়াসহ ফেনসিডিল চোরাচালান মামলার আসামি সাজেদুল ইসলাম (২৮) পালিয়ে গেছেন। তিনি রাজশাহীর বাঘা উপজেলার বিনোদপুর গ্রামের বাসিন্দা।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও স্থানীয় সূত্র জানায়, সিরাজগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক শিবনাথ কুমার সাহার নেতৃত্বে গত মঙ্গলবার বেলা দেড়টার দিকে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের সলঙ্গা থানার সাতটিকরী তালতলা এলাকায় তল্লাশি বসানো হয়। এ সময় তাঁরা সিএনজিচালিত একটি অটোরিকশা তল্লাশি করে ২৫ বোতল ফেনসিডিল উদ্ধার ও সাজেদুলকে আটক করেন। বিকেল সাড়ে চারটার দিকে তাঁকে হস্তান্তর করার জন্য শিবনাথ কুমার সাহা রিকশায় করে সলঙ্গা থানায় নিয়ে যাচ্ছিলেন। থানার ফটকে সাজেদুল আকস্মিক হাতকড়া পরা অবস্থায় রিকশা থেকে লাফিয়ে পড়ে দৌড়ে সলঙ্গা বাজারে দিকে যান।
শিবনাথ কুমার সাহা দাবি করেন, থানার ফটকে পৌঁছানোর আগেই সাজেদুল পালিয়ে যান। এ সময় তাঁর হাতকড়া ছিল না। এ ঘটনায় সলঙ্গা থানায় একটি মামলা হয়েছে। শিগগিরই তাঁকে গ্রেপ্তার করা হবে।