আসামির হামলায় এসআই আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাদক মামলার পরোয়ানাভুক্ত আসামির ধারালো অস্ত্রের আঘাতে আহত আদিতমারী থানার এসআই জাহিদ হাসান। ছবি: আবদুর রব
মাদক মামলার পরোয়ানাভুক্ত আসামির ধারালো অস্ত্রের আঘাতে আহত আদিতমারী থানার এসআই জাহিদ হাসান। ছবি: আবদুর রব

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় মাদক মামলার পরোয়ানাভুক্ত আসামির ধারালো অস্ত্রের আঘাতে আদিতমারী থানার উপপরিদর্শক (এসআই) জাহিদ হাসান গুরুতর আহত হয়েছেন। তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আজ সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের মান্নানের চৌপথি এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় মাদক মামলার আসামি ও হামলাকারী সাইফুল ইসলাম তাঁর সঙ্গীদের নিয়ে সীমান্ত পার হয়ে ভারতে ঢুকে গেছেন বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আদিতমারী থানার পুলিশের একটি দল অভিযান চালিয়ে ওই এলাকায় একাধিক মাদক মামলার পরোয়ানাভুক্ত আসামি সাইফুল ইসলামকে আটকের চেষ্টা করে। এ সময় সাইফুল ইসলাম তাঁর হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে এসআই জাহিদকে কয়েকবার আঘাত করেন। এতে জাহিদ মাটিতে পড়ে যান। ঘটনার পরপরই হামলাকারীরা নিকটবর্তী সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকে যান। আহত জাহিদকে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে লালমনিরহাট সদর হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়। পরে তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

লালমনিরহাট সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শামীমা নাজনীন প্রথম আলোকে বলেন, এসআই জাহিদের বাঁ হাতের কবজির নিচে, গলার বাঁ দিকে, বাঁ কানের লতিতে, কপালে ও বাঁ চোখের নিচে ধারালো অস্ত্রের আঘাতে চিহ্ন রয়েছে। গলায় ও হাতের আঘাত গুরুতর। উন্নত চিকিৎসার জন্য তাঁকে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

লালমনিরহাট জেলার সহকারী পুলিশ সুপার (এএসপি সার্কেল) শহীদ সোহরাওয়ার্দী প্রথম আলোকে বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে মান্নানের চৌপথিতে মাদক মামলার পলাতক আসামি সাইফুলকে আটক করতে গিয়ে এসআই জাহিদ আহত হয়েছেন। সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আরও কঠোর হতে পুলিশ সুপার এস এম রশিদুল হক নির্দেশ দিয়েছেন।