যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের ছাত্র নাইমুল ইসলাম ওরফে রিয়াদ হত্যা মামলার আসামি গ্রেপ্তারে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও পুলিশের কোনো তৎপরতা নেই বলে অভিযোগ উঠেছে।
নিহত নাইমুলের বাবা কাজী মনিরুল ইসলাম বলেন, ‘পুলিশ ও সিআইডি মামলার আসামি গ্রেপ্তারের ব্যাপারে একেবারে উদাসীন। আসামিরা প্রকাশ্যে ঘুরছে এবং ফোনে আমাদের ভয় দেখাচ্ছে। বিষয়টি সিআইডির তদন্ত কর্মকর্তাকে জানালেও কোনো ব্যবস্থা নিচ্ছেন না।’
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, হত্যা মামলার মূল আসামি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সুব্রত বিশ্বাস ১৭ নভেম্বর সকালে ক্যাম্পাসে যান। রিয়াদের সহপাঠীরা তাঁকে ক্যাম্পাসে ঘেরাও করেন। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন ছাত্রদের কাছ থেকে সুব্রতকে উদ্ধার করে পুলিশে খবর দেয়। সিআইডি ও পুলিশের সদস্যরা এরপর তাঁকে গ্রেপ্তার করেন। ওই দিনই জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করে। শুনানির দিন ধার্য করে সুব্রতকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।
মামলার অগ্রগতির ব্যাপারে জানতে চাইলে তদন্ত কর্মকর্তা সিআইডি যশোরের পরিদর্শক মোনতাজুল হক বলেন, মামলার ১২ আসামির একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য ১১ জন পলাতক। মামলাটি তদন্তাধীন আছে। প্রথমে মামলাটি পুলিশ দুই মাস তদন্ত করে। এরপর পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) হস্তান্তর করা হয়।
বিপুল, শামীমসহ কয়েকজন আসামি দলীয় মিছিল-সমাবেশে অংশ নিলেও তাঁদের ধরা হচ্ছে না কেন এমন প্রশ্নের উত্তরে তদন্ত কর্মকর্তা বলেন, সাধারণত মিছিল-সমাবেশ থেকে কাউকে গ্রেপ্তার করা হয় না।
গত ১৪ জুলাই বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে প্রকাশ্যে নাইমুল ইসলামকে কুপিয়ে হত্যা করা হয়।