এক সরকারের আমলে মামলা হয়েছে, আরেক সরকারের আমলে চলছে মামলা প্রত্যাহারের তদবির। যদিও দুটো সরকারই আওয়ামী লীগের নেতৃত্বাধীন। ২০১৪ সালে খুলনার একটি রাষ্ট্রায়ত্ত পাটকলে সম্পদ নষ্ট ও ভাঙচুরের দায়ে চার শ্রমিকনেতার বিরুদ্ধে এ মামলা দায়ের করা হয়। বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা এ মামলার সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ড। ইতিমধ্যে মামলার অভিযোগপত্র দেওয়া হয়েছে। বিচারকাজও শুরু হওয়ার পথে।
তবে মামলা দায়েরের দুই বছর পর বলা হচ্ছে, ওই শ্রমিকদের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, তা মিথ্যা, ভিত্তিহীন ও প্রতিহিংসামূলক। তাই মামলাটি প্রত্যাহারের জন্য সরকারের ভেতর থেকেই তাগাদা শুরু হয়েছে। আর এই মামলা প্রত্যাহারের উদ্যোগ নিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ও সাংসদ মন্নুজান সুফিয়ান। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো এক আধা সরকারি পত্রে (ডিও লেটার) তিনি বলেছেন, ‘এলাকায় ও মিলে শান্তিশৃঙ্খলা বজায় রাখার স্বার্থে কর্তৃপক্ষের দায়ের করা এ মামলাটি মানবিক বিবেচনায় প্রত্যাহার করতে হবে।’
জানতে চাইলে সাবেক শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী ও বর্তমান সাংসদ মন্নুজান প্রথম আলোকে বলেন, ‘এঁরা সবাই আওয়ামী লীগ নেতা। এঁরা কিছুই করেননি। তারপরও কীভাবে তাঁদের বিরুদ্ধে মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন সাজা হতে পারে এমন মামলা দেওয়া হয়েছে, আমার বোধগম্য নয়। এ কারণে আমি মানবিক বিবেচনায় মামলাটি প্রত্যাহার করার অনুরোধ করেছি।’ এদিকে সাংসদের আধা সরকারি পত্রের পরিপ্রেক্ষিতে খুলনা জেলার সরকারি কৌঁসুলির (পিপি) মতামত চেয়ে সম্প্রতি চিঠি পাঠিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
যাঁদের মামলা প্রত্যাহারে এই উদ্যোগ, তাঁরা হলেন ওই পাটকলের সিবিএ সাধারণ সম্পাদক মাওলানা হেমায়েত উদ্দিন আজাদী, প্রচার সম্পাদক আবদুল সালাম কালাম, ক্রীড়া সম্পাদক মো. ইসমাইল হোসেন ও সিবিএ সহসম্পাদক আবু হানিফ। সাংসদ মন্নুজান তাঁর পত্রে দাবি করেছেন, এঁরা জাতীয় শ্রমিক লীগের সঙ্গে দীর্ঘদিন ধরে সম্পৃক্ত।
ক্রিসেন্ট জুট মিল সূত্র জানায়, ২০১৪ সালের ২২ জুলাই এই শ্রমিকনেতারা মিলের কর্মকর্তাদের অবরুদ্ধ করেন, পানির লাইন বন্ধ করে দেন, ভাঙচুর চালান, পাটকলের সম্পদ ধ্বংস করেন। মিল কর্তৃপক্ষ চাকরিচ্যুত করার পাশাপাশি এঁদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করে। শ্রমিকনেতারা সবাই জামিনে আছেন।
জানতে চাইলে ক্রিসেন্ট জুট মিলের ব্যবস্থাপক (প্রশাসন) মো. গাউসুল আযম প্রথম আলোকে বলেন, ঈদের আগে শ্রমিকদের বকেয়া বেতন-ভাতা পরিশোধের জন্য সময় নেওয়া হয়েছিল। কিন্তু আসামিরা রাষ্ট্রের সম্পদ নষ্ট করে রাষ্ট্রবিরোধী কার্যকলাপ করেছেন। তাঁরা সরকারি ইমারত, সম্পত্তি নষ্ট করেছেন, ভাঙচুর করে পরিস্থিতি অস্থিতিশীল করেছেন। এমনকি মিল বন্ধ করে দিয়েছেন। এ কারণেই বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে। তিনি বলেন, এখন এঁদের মামলা প্রত্যাহার হলে বিশৃঙ্খলাকারীরা উৎসাহী হবে।
তবে সাংসদ তাঁর আধা সরকারি চিঠিতে বলেছেন, সিবিএ নেতারা বারবার বকেয়া বেতন-বোনাসের দাবি জানানোর পরও কোনো প্রতিকার পাননি। তবু তাঁরা শান্তিশৃঙ্খলা বজায় রেখে কর্তৃপক্ষের কাছে তাঁদের ন্যায্য দাবি আদায়ের চেষ্টা করেন। সেখানে কোনো ভাঙচুর বা মারামারি হয়নি বলে দাবি করেন সাংসদ।
মামলার আসামি মাওলানা হেমায়েত উদ্দিন আজাদী প্রথম আলোকে বলেন, ‘আমরা সহিংস কিছুই করিনি। উদ্দেশ্যমূলকভাবে এ মামলা দেওয়া হয়েছে। বর্তমানে জামিনে আছি। সাংসদ দৌড়ঝাঁপ করছেন। আশা করি, সরকার এ মামলা প্রত্যাহার করে নেবে।’
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নথিপত্রে বলা হয়েছে, ১৮৯৮ সালের ফৌজদারি কার্যবিধির ৪৯৪ ধারা অনুযায়ী সরকারের করা যেকোনো মামলা প্রসিকিউশন প্রত্যাহারের জন্য আদালতে আবেদন করতে পারেন। তবে ব্যক্তির করা মামলা প্রত্যাহারের সুপারিশ করার এখতিয়ার সরকারের নেই। নথিপত্রে এ বিষয়ে জেলার সরকারি কৌঁসুলি (পিপি) সুলতানা রহমানকে প্রয়োজনীয় পরামর্শ দেওয়ারও অনুরোধ জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
জানতে চাইলে সুলতানা রহমান গতকাল প্রথম আলোকে বলেন, আসামি তো আসামিই। আইন আর মানবিক বিবেচনা এক নয়। আদালতে প্রমাণ হতে হবে তাঁরা নির্দোষ। শিগগিরই এ মামলার বিচার শুরু হবে বলে জানান তিনি।