সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় ট্রাকচালক সজীব আহমেদ হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানিয়েছেন পরিবারের সদস্যরা। তাঁদের অভিযোগ, আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও পুলিশ তাঁদের গ্রেপ্তার করছে না। মামলা তুলে নিতে হুমকি দিচ্ছেন তাঁরা। গতকাল বৃহস্পতিবার সিরাজগঞ্জ শহরে সংবাদ সম্মেলনে পরিবারের সদস্যরা এসব অভিযোগ করেন।
গত ২৪ জুন বগুড়ার চান্দাইকোনার ঘোগা সেতুর কাছ থেকে সজীব আহমেদকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন পরিবারের সদস্যরা। পরদিন ভোরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ ঘটনায় তাঁর মা স্বপ্না রানী বাদী হয়ে উপজেলার নয়নগাঁতী গ্রামের রোস্তম আলী, তাঁর ছেলে ইমন আলীসহ ১০ জনকে আসামি করে আদালতে মামলা করেন। সজীব আহমেদ প্রায় দেড় যুগ আগে ধর্মান্তরিত হয়েছিলেন।
সংবাদ সম্মেলনে সজীবের স্ত্রী রাজিয়া সুলতানা বলেন, ট্রাকের লোড-আনলোড নিয়ে রোস্তম আলী, তাঁর ছেলে ইমন আলী, ইমরান হোসেন ও আসলাম উদ্দীনের সঙ্গে তাঁর স্বামীর দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব ছিল। ২৪ জুন ইমন আসবাব কেনার কথা বলে কৌশলে সজীবকে বাড়ি থেকে ডেকে বগুড়ায় নিয়ে গিয়েছিলেন। ফেরার পথে আসামিরা তাঁকে শারীরিক নির্যাতনের পর পায়ের রগ কেটে চান্দাইকোনার ঘোগা সেতুর কাছে ফেলে দেন। রাত ১২টায় অন্যের মারফত সংবাদ পেয়ে তাঁকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। ভোরের দিকে সজীব মারা যান।
রাজিয়া সুলতানা অভিযোগ করেন, সুরতহাল প্রতিবেদন নিয়ে উল্লাপাড়া থানায় মামলা করতে গেলে ওসি দেওয়ান কৌশিক আহমেদ মামলা নেননি। বাধ্য হয়ে আদালতে মামলা করেন। আদালত উল্লাপাড়ার থানার ওসিকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। কিন্তু দেড় মাস পার হলেও তদন্তে অগ্রগতি নেই। আর ইমনসহ অন্য আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন। পুলিশ তাঁদের গ্রেপ্তার করছে না। মামলা তুলে নেওয়ার জন্য তাঁদের হুমকি দিচ্ছেন। মামলাটি সিআইডি-পিবিআইয়ের মাধ্যমে তদন্তের দাবি জানান তিনি।
সংবাদ সম্মেলনে সজীবের মা, দুই শিশুসন্তানসহ নিকট আত্মীয়রা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে মুঠোফোনে ইমনের সঙ্গে যোগোযোগ করা হলে তিনি প্রথমে কথা বলতে অস্বীকার করেন। পরে তিনি বলেন, ‘বিষয়টি থানার ওসি জানেন। তাঁর কাছ থেকে শুনে নেন। আমাকে বিরক্ত করবেন না।’
ওসি দেওয়ান কৌশিক আহমেদ বলেন, ঘটনাটি আমার এলাকার বাইরে। তাই প্রথমে মামলা নেওয়া হয়নি। ধারণা করা হচ্ছে, সজীব সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে অধিকতর তদন্ত শেষে আদালতে প্রতিবেদন দাখিল করা হবে। আসামিদের সঙ্গে পুলিশের আঁতাতের অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, আসামিরা পলাতক আছেন।