ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার নিত্যানন্দপুর গ্রামের শিশু জুবায়ের হোসেন হত্যা মামলার আসামিরা ঘুরে বেড়ালেও তাঁদের গ্রেপ্তার করছে না পুলিশ। গতকাল সোমবার দুপুরে ঝিনাইদহ প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে জুবায়েরের বাবা মধু সর্দার এ অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মধু সর্দার বলেন, পূর্বশত্রুতার জের ধরে নিত্যানন্দপুর গ্রামের আতিয়ার সর্দার ও তাঁর সহযোগীরা গত বছরের ৩ নভেম্বর তাঁর চার বছরের ছেলে জুবায়ের হোসেনকে অপহরণ করেন। এর দুই দিন পর গ্রামের একটি পুকুর থেকে জুবায়েরের লাশ উদ্ধার করা হয়। তিনি বলেন, ছেলে নিখোঁজ হওয়ার পর হরিণাকুণ্ডু থানায় তিনি (মধু সর্দার) সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে তার লাশ পাওয়া গেলে থানায় মামলা দিতে যান। কিন্তু পুলিশ তা গ্রহণ করেনি। বাধ্য হয়ে তিনি আদালতে ১১ জনকে আসামি করে মামলা করেন। আদালত মামলাটি এজাহার হিসেবে গ্রহণ করার জন্য হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেন। এরপর পুলিশ মামলা রেকর্ডভুক্ত করলেও আসামি গ্রেপ্তারে তৎপর হয়নি পুলিশ। উল্টো মামলা তুলে নেওয়ার জন্য তাঁকে (মধু সর্দার) হুমকি দেওয়া হচ্ছে।
মধু সর্দার বলেন, পুলিশের ভূমিকার কারণে আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন। তাঁকেও (মধু সর্দার) হত্যার হুমকি দেওয়া হচ্ছে। হুমকির বিষয়ে থানায় জিডি করতে গেলেও পুলিশ নিচ্ছে না। তিনি (মধু সর্দার) দ্রুত আসামিদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। পাশাপাশি মামলাটি সঠিকভাবে তদন্তের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
জানতে চাইলে হরিণাকুণ্ডু থানার ওসি মাহাতাব উদ্দীন বলেন, মধু সর্দার যে অভিযোগ করেছেন, তা সম্পূর্ণ মিথ্যা। তিনি (মধু সর্দার) প্রথমে মামলা করতে চাননি, শিশুটি হারিয়ে গেছে মর্মে একটি জিডি করেন। পরে আদালতে মামলা করলে তারা (পুলিশ) সেটি রেকর্ড করে। এরপর দুই আসামিকে গ্রেপ্তারও করা হয়। অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। বাদীপক্ষের বিরুদ্ধে ওসি অসহযোগিতারও পাল্টা অভিযোগ করেন।