রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুরে স্কুলশিক্ষক আমজাদের ওপর বখাটেদের হামলার প্রতিবাদে গতকাল শনিবার বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। হামলাকারীদের ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার না করা হলে বৃহত্তর কর্মসূচির হুমকি দিয়েছেন অংশগ্রহণকারীরা।
গতকাল বেলা ১১টায় স্থানীয় তমিজউদ্দিন খান বালিকা উচ্চবিদ্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি খানখানাপুর বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে খানখানাপুর বড় ব্রিজ এলাকায় ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে স্থানীয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী ও জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
বক্তব্য দেন খানখানাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রেজাউল করিম, সাবেক চেয়ারম্যান এ কে এম ইকবাল হোসেন মিয়া, জেলা শিক্ষক সমিতির সভাপতি মীর মাহফুজা খাতুন, সদর উপজেলা শিক্ষক কল্যাণ সমিতির সভাপতি গাজী আহসান হাবীব, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম শেখ, তমিজউদ্দিন খান বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শফিউল্লাহ, সুরাজ মোহিনী ইনস্টিটিউটের সহকারী শিক্ষক শাজাহান মুন্সী, সুলতানপুর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক লিটন কুমার নাগ প্রমুখ।
বক্তারা বলেন, ৪৮ ঘণ্টার মধ্যে আসামিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। অন্যথায় আরও বড় কর্মসূচি দেওয়া হবে। সেই সঙ্গে শিক্ষা কার্যক্রম বন্ধ রাখা হবে বলে হুমকি দেওয়া হয়।
আমজাদ হোসেন তমিজউদ্দিন খান বালিকা উচ্চবিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিষয়ের সহকারী শিক্ষক। তিনি বর্তমানে ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আমজাদের ভাই হারুন অর রশিদ বলেন, আমজাদের বাঁ চোখের উভয় পাশের হাড় ভেঙে গেছে বলে চিকিৎসকেরা জানিয়েছেন। তিনি এখন দেখতে পারছেন না। পরীক্ষা-নিরীক্ষা শেষে কাল সোমবার চোখের পাশে অস্ত্রোপচার করা হতে পারে। এরপর তাঁকে চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে চোখের অস্ত্রোপচার করা হবে।
স্কুলশিক্ষক আমজাদ হোসেন গত মঙ্গলবার সন্ধ্যায় বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে হামলার শিকার হন। বখাটেরা লোহার রড দিয়ে তাঁর মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। এর আগে বিকেলে বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা চলাকালে ওই বখাটেরা শিক্ষার্থীদের সঙ্গে অশোভন আচরণ (ইভ টিজিং) করছিল। শিক্ষক আমজাদ তার প্রতিবাদ করেন। আমজাদকে মারধরের ঘটনায় গত বৃহস্পতিবার বিকেলে রাজবাড়ী সদর থানায় মামলা হয়।