আসামিরা 'বন্দুকযুদ্ধে' নিহত, চূড়ান্ত প্রতিবেদন দাখিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাগমারা উপজেলার সৈয়দপুর গ্রামের চকপাড়া আহমদিয়া সম্প্রদায়ের মসজিদে আত্মঘাতী বোমা হামলার এক বছর আজ ২৫ ডিসেম্বর। হামলার মূল হোতাদের শনাক্ত করতে পুলিশ সক্ষম হলেও সব আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত হওয়ায় পুলিশ মামলাটির চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেছে। তবে ঘটনার সঙ্গে স্থানীয় কোনো ব্যক্তি জড়িত ছিলেন কি না, সে বিষয়টি প্রকাশ না পাওয়ায় এলাকার আহমদিয়া সম্প্রদায়ের মানুষ আতঙ্কে রয়েছেন।
ওই হামলায় আহত ময়েজ উদ্দিন বলেন, এখনো আতঙ্ক রয়েছেন, নিরাপত্তার কারণে তাঁরা মসজিদটিকে লোকালয়ে স্থানান্তর করেছেন। তবে সেখানে সতর্কতার সঙ্গে তাঁরা নামাজ পড়েন। হামলার সঙ্গে জড়িত জঙ্গিদের দেশের প্রচলিত আইনে বিচার হলে খুশি হতেন বলে জানান তিনি।
গত বছরের ২৫ ডিসেম্বর চকপাড়া আহমদিয়া সম্প্রদায়ের মসজিদে জুমার নামাজের সময় এক জঙ্গি বোমার বিস্ফোরণ ঘটান। এতে আত্মঘাতী ওই জঙ্গি (২২) নিহত ও ১২ মুসল্লি আহত হন। এই ঘটনার পর পুলিশ অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে থানায় মামলা করে।
নিহত ওই জঙ্গির পরিচয় না পাওয়ায় বেওয়ারিশ হিসেবে তাঁকে দাফন করা হয়। তবে নিহত জঙ্গির পরিচয় উদ্ধারের জন্য লাখ টাকা পুরস্কার ঘোষণা করা হয়। গত ৭ জুন নিহত ওই জঙ্গির পরিচয় উদ্ধার করে রাজশাহী জেলা গোয়েন্দা পুলিশ। তিনি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার রূপনগর গ্রামের সাবেক সেনাসদস্য আবু সালেকের ছেলে।
আত্মঘাতী হামলায় নিহত ব্যক্তির সহযোগী জামাল উদ্দিন গত ৭ জুন জেলার গোদাগাড়ীতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হন। এর আগে তিনি গোয়েন্দা পুলিশের হাতে আটক হন। এ সময় তিনি হামলায় নিজের জড়িত থাকার কথা স্বীকার করেন এবং আত্মঘাতী হামলায় নিহত যুবকের পরিচয় প্রকাশ করেন। ওই দিন রাতে পুলিশ জামালকে নিয়ে অন্য এক সহযোগীকে গ্রেপ্তারে অভিযান চালালে বন্দুকযুদ্ধে নিহত হন জামাল।
রাজশাহী জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মতিয়ার রহমান বলেন, তদন্তে হামলাকারীদের ও নিহত জঙ্গিকে শনাক্ত করা হয়েছে। এই হামলার সঙ্গে জড়িত আরেক জঙ্গি নওগাঁর মান্দা উপজেলার উত্তর পারইল গ্রামের আনোয়ার হোসেনও গত ১০ আগস্ট পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হন। তাঁর পরিচয় উদ্ধারের পর পুলিশ নিশ্চিত হয়, তিনিও ওই হামলায় জড়িত ছিলেন। এই মামলার সব আসামি বন্দুকযুদ্ধে নিহত হওয়ায় চলতি বছরের ২ অক্টোবর আদালতে মামলার চূড়ান্ত প্রতিবেদন দাখিল করা হয়।
তবে মতিয়ার রহমান জানান, হামলা বা এর পরিকল্পনার সঙ্গে স্থানীয় কোনো ব্যক্তির জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়নি। জঙ্গিরা কেন্দ্রীয়ভাবে আহমদিয়া মসজিদের তালিকা সংগ্রহ করে সেখানে হামলা চালিয়েছিল বলে তদন্তে পাওয়া গেছে।