আহত অপর কর্মীকে খুঁজছে পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের রিয়াজ উদ্দিন বাজার এলাকায় ছাত্রলীগ কর্মী ইয়াছিন আরাফাত হত্যাকাণ্ডের সময় আহত এক কর্মীর খোঁজ পায়নি পুলিশ। ঘটনার পর চিকিৎসা নিতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে যান তিনি। ওই কর্মীর আসল নাম ইরফান রানা হলেও ভুয়া নাম ‘ফাহিম’ ব্যবহার করে প্রাথমিক চিকিৎসা নিয়ে তিনি হাসপাতাল থেকে পালিয়ে যান।

একই ঘটনায় আহত হারুনুর রশিদ আটক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ইরফানকে আটক করা গেলে তাঁর কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে বলে মনে করছে পুলিশ।

গতকাল শনিবার বেলা তিনটার দিকে রিয়াজ উদ্দিন বাজারে একটি খাবারের দোকানে ভাত খাওয়ার সময় ইয়াছিনের ওপর হামলা চালানো হয়। এ সময় ইয়াছিন ও তাঁর সহযোগীরাও পাল্টা হামলা করেন বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় হারুন ও ইরফান নামের আরও দুজন আহত হন।

ঘটনার ২৪ ঘণ্টা পার হলেও আজ রোববার সন্ধ্যা পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা হয়নি। লাশ দাফন শেষে মামলা করা হবে বলে জানিয়েছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন।

জসিম উদ্দিন বলেন, ‘স্বজনেরা সবাই আজ দুপুরে লাশ নিয়ে বাড়িতে গেছেন। দাফন শেষে ফিরে মামলা করবেন বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন। এ ঘটনায় আহত অবস্থায় পলাতক ওই ছেলেকে আমরা খুঁজছি। আরও যারা জড়িত ছিল, তাদের ধরতে অভিযান চলছে।’

পুলিশের আরেকটি সূত্র জানায়, মাদক বিশেষ করে ইয়াবা–সংক্রান্ত ব্যবসা নিয়ে দ্বন্দ্বের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। ইয়াছিন নগর ছাত্রলীগের উপসম্পাদক আবদুল আহাদের অনুসারী ছিলেন। কিছুদিন আগে ব্যবসাসংক্রান্ত বিষয়ে তাঁদের মধ্যে দূরত্ব সৃষ্টি হয়। আহত হারুন এখনো আহাদের পক্ষে কাজ করেন।

কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) নূর মোহাম্মদ বলেন, ‘আমরা বিভিন্ন দিক খতিয়ে দেখছি। একটি প্রশ্ন জাগে, ইয়াছিন, হারুন সবাই ছাত্র। কিন্তু তাদের রিয়াজ উদ্দিন বাজার কিংবা সফিনা হোটেল এলাকায় এত আনাগোনা কেন?’

আজ বিকেলে নিহত ইয়াছিনের দাফন তাঁর গ্রামের বাড়ি সাতকানিয়া উপজেলার ছদাহা গ্রামে সম্পন্ন হয়েছে।