আহত আ.লীগ নেতার মৃত্যু, উত্তেজনা
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সহিংসতায় যশোরের মনিরামপুর উপজেলার চালুয়াহাটি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি মনছুর আলী (৪৩) মারা গেছেন। ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে তিনি মারা যান।
আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী আবুল ইসলাম ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আবদুল হামিদের সমর্থকদের মধ্যে গত বুধবার রাতে সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন মনছুর। ওই ঘটনায় মনিরামপুর থানায় পাল্টাপাল্টি মামলা হয়।
আওয়ামী লীগের প্রার্থী আবুল ইসলাম প্রথম আলোর কাছে অভিযোগ করেন, ‘আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আবদুল হামিদের নেতৃত্বে গত বুধবার রাতে আমাদের ওপর হামলা করা হয়। এতে মুনছুর আলীসহ আমরা ৪ থেকে ৫ জন আহত হই। চিকিৎসাধীন অবস্থায় মুনছুর মারা গেছেন। সম্পর্কে মুনছুর আমার ভায়রা হন। নির্বাচনে তিনি আমার নিবেদিত কর্মী ছিলেন।’
অভিযোগ অস্বীকার করে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আবদুল হামিদ বলেন, ‘আমি বা আমার কোনো লোকজন তাদের মারধর করেনি। নিজেরা মারামারি করে আমাদের ওপর তাঁরা দোষ চাপানোর চেষ্টা করছেন।’ হামিদ বলেন, ‘নির্বাচনী জনসংযোগের জন্য গত বুধবার সন্ধ্যায় গৌরীপুর গ্রামে উঠান বৈঠকে যাওয়ার সময় নেংগুড়াহাট বাজারে পৌঁছালে আওয়ামী লীগ প্রার্থীর লোকজন আমাদের ওপর হামলা চালায়। ওই হামলায় আমার ছোট ভাই রোকনুজ্জামান আহত হন। তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।’
জানতে চাইলে মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাহেরুল ইসলাম বলেন, নির্বাচনী পথসভায় জেলা আওয়ামী লীগের নেতারা উসকানিমূলক বক্তব্য দেওয়ায় বিদ্রোহী প্রার্থীর লোকজনের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। একপর্যায়ে দুই পক্ষের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এ ব্যাপারে পরদিন বৃহস্পতিবার দুই পক্ষ দুটি মামলা করে। ওসি জানান, উত্তেজনা থাকলেও অপ্রীতিকর ঘটনা এড়াতে ওই এলাকায় পুলিশি টহল জোরদার করা হয়েছে।