
রাজধানীর পুরান ঢাকায় হোসেনি দালানে গ্রেনেড হামলায় আহত একজন হাসপাতালে মারা গেছেন। তাঁর নাম জামাল উদ্দিন (৫৫)। এ নিয়ে ওই হামলার ঘটনায় দুজন মারা গেলেন। ওই হামলায় দেড় শ জনের মতো আহত হন।
গত শুক্রবার গভীর রাতে পুরান ঢাকার হোসেনি দালানে পবিত্র আশুরা উপলক্ষে আয়োজিত তাজিয়া মিছিলের প্রস্তুতি জমায়েতে হাতে তৈরি গ্রেনেড দিয়ে হামলা চালানো হয়। গত ছয় দিনেও পুলিশ হামলায় জড়িত কাউকে ধরতে পারেনি। তবে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ জানিয়েছে, হামলাকারীর পরিচয় সম্পর্কে তারা ধারণা পেয়েছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং গ্রেনেডের উৎসের খোঁজ করছেন কর্মকর্তারা।
জামাল উদ্দিন লালবাগের কাজী রিয়াজউদ্দীন সড়কে ভাড়া বাসায় থাকতেন। মা আয়েশা বেগম থাকতেন তাঁর সঙ্গে। ২০ বছর আগে স্ত্রী তাঁকে ছেড়ে চলে গেলেও মায়ের মুখের দিকে তাকিয়ে আর বিয়ে করেননি। মায়ের সব কাজ, এমনকি কাপড়ও ধুয়ে দিতেন তিনি। সুন্নি সম্প্রদায়ের হলেও প্রতিবছর অন্য অনেকের মতো পবিত্র আশুরার রাতে হোসেনি দালানের ইমামবাড়ায় যেতেন তিনি।
গতকাল ঢাকা মেডিকেল কলেজ মর্গে জামালের লাশ নিতে আসেন ছোট ভাই লিটন ও জামিল উদ্দিন। সঙ্গে ছিলেন কয়েকজন প্রতিবেশী। লাশ গ্রহণের সময় কান্নায় ভেঙে পড়েন এঁদের অনেকে।
প্রতিবেশীরা বলেন, স্বজন-প্রতিবেশী সবাইকে নানা কাজে সাহায্য করতেন জামাল উদ্দিন। এ কারণে তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে রিয়াজউদ্দীন সড়কের ওই মহল্লায়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকেরা জানান, আহত জামাল উদ্দিনের মাথা ও মুখমণ্ডলে বোমা বা গ্রেনেডের ধাতব উপকরণ ঢুকে গিয়েছিল। সিটি স্ক্যানে দেখা গেছে, মাথার খুলি ভেঙে লোহার টুকরা মস্তিষ্কের ভেতরে ঢুকে গেছে। ওই অবস্থায় চিকিৎসকেরা সব রকম চেষ্টা করেও শেষ পর্যন্ত তাঁকে বাঁচাতে পারেননি।
হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক বলেন, গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টার দিকে জামাল উদ্দিন মারা যান।
নিহত জামাল উদ্দিনের বাড়ি মুন্সিগঞ্জের শ্রীনগরে। কেরানীগঞ্জের জিঞ্জিরা এলাকায় তিনি ঘুরে ঘুরে লেইস, ফিতা বিক্রি করতেন। অনেক দিন আগে স্ত্রী তাঁকে ছেড়ে চলে গেছেন। তাঁদের কোনো সন্তানও নেই। গতকালই তাঁকে আজিমপুর কবরস্থানে দাফন করা হয়েছে।