আহত কৃষক লীগ নেতার মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার আটপাড়া উপজেলায় দুর্বৃত্তদের হামলায় আহত কৃষক লীগের নেতা খায়রুল ইসলাম মারা গেছেন। আজ সোমবার ভোরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তিনি মারা যান।
আটপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ খায়রুল ইসলামের মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
গত শুক্রবার রাতে খায়রুল ইসলামকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। পরে তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি চিকিত্সাধীন ছিলেন।
জেলা কৃষক লীগের সভাপতি কেশব রঞ্জন সরকার প্রথম আলোকে বলেন, ‘আজ ভোর পাঁচটার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে খায়রুল ইসলাম মারা গেছেন।’ এ ঘটনার প্রতিবাদ জানিয়ে দোষী ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান তিনি।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, আটপাড়ার তেলিগাতী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড কৃষক লীগের সভাপতি গৌরিনগর গ্রামের খায়রুল ইসলামের সঙ্গে জমিজমা নিয়ে শ্রীধরপুর গ্রামের বিএনপির সমর্থক আওলাদ হোসেনের দীর্ঘ দিনের বিরোধ চলছিল। এর জের ধরে গত শুক্রবার রাত নয়টার দিকে তেলিগাতী বাজার থেকে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা খায়রুল ইসলামকে কুপিয়ে জখম করে। তাঁর চিত্কারে আশপাশের লোকজন এগিয়ে গেলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে এলাকাবাসী তাঁকে উদ্ধার করে প্রথমে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিত্সাধীন ছিলেন তিনি।