আহত টোল আদায়কারীর মৃত্যু, লাশ নিয়ে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝালকাঠির গাবখান সেতুতে টোল আদায়কে কেন্দ্র করে হামলায় আহত টোল আদায়কারী জাহিদ হোসেন গত সোমবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। গতকাল মঙ্গলবার সকালে তাঁর লাশ নিয়ে বিক্ষোভ করেছে এলাকাবাসী। তারা প্রায় আধা ঘণ্টা বরিশাল-খুলনা মহাসড়ক অবরুদ্ধ করে রাখে। এতে মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ১০ মে সন্ধ্যা ৭টার দিকে একটি মিনি ট্রাক গাবখান সেতু দিয়ে যাওয়ার সময় জাহিদ (২৮) ট্রাকটির চালকের কাছে টোল আদায় করতে যান। এ সময় ট্রাকের মালিক মিজানুর রহমান টোল আদায়কারী জাহিদের সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়েন। এরপর মিজান ও তাঁর সঙ্গে থাকা মিরাজ জাহিদকে রড দিয়ে পেটান। একপর্যায়ে জাহিদ সংজ্ঞা হারিয়ে ফেললে মিজান ও মিরাজ পালিয়ে যান। পরে স্থানীয় ব্যক্তিরা জাহিদকে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাঁকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এরপর জাহিদের শারীরিক অবস্থার অবনতি হলে পরদিন তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সোমবার ভোরে ওই হাসপাতালে জাহিদ মারা যান। সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে জাহিদের লাশ এলাকায় নেওয়া হয়। গতকাল সকালে লাশ নিয়ে বিক্ষোভ করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা ঝালকাঠি সদর থানার উপপরিদর্শক (এসআই) গৌতম কুমার ঘোষ বলেন, তাঁর ছেলেকে পিটিয়ে আহত করার অভিযোগে জাহিদের বাবা ফারুক হোসেন হাওলাদার বাদী হয়ে ঝালকাঠি পৌরসভার কিফাইত নগর গ্রামের মিজান ও মিরাজকে আসামি করে মামলা করেছিলেন। এটি হত্যা মামলায় রূপান্তরের জন্য আদালতে আবেদন করা হবে।