আহত ডাকাতের মৃত্যু, হাসপাতালে চিকিৎসা নিচ্ছে আরও পাঁচজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশের ধাওয়ায় ব্রিজ থেকে লাফিয়ে পড়ে গুরুতর আহত ডাকাত জসীম উদ্দিন (৩৫) গত মঙ্গলবার বিকেলে মারা গেছেন। আহত আরও পাঁচ ডাকাতকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসাপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত জসীমের বিরুদ্ধে হাটহাজারী, রাউজান, ফটিকছড়ি থানায় ডাকাতির ১০টি মামলা রয়েছে। এর মধ্যে হাটহাজারী থানার একটি ডাকাতির মামলায় তিনি যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি।
চান্দগাঁও থানার পরিদর্শক (তদন্ত) শহীদুল ইসলাম প্রথম আলোকে জানান, রাউজানের পশ্চিম গহিরা এলাকায় ডাকাতি করে একটি পিকআপে করে মঙ্গলবার ভোরে সাত ডাকাত চট্টগ্রাম নগরে আসছিল। কাপ্তাই রাস্তার মাথায় তল্লাশি চৌকি দেখে ডাকাতদের বহনকারী গাড়িটি অনন্যা আবাসিক এলাকা দিয়ে পালানোর চেষ্টা করে। এ সময় পুলিশ তাদের ধাওয়া দিলে অন্য একটি রাস্তা দিয়ে কালুরঘাট ব্রিজে ওঠে গাড়িটি। পুলিশ পিছু নিলে ডাকাতেরা গুলি ছুড়ে। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এ সময় তৈয়ব নামের এক ডাকাতকে ধরে ফেলে পুলিশ। অন্যরা ব্রিজ থেকে লাফিয়ে পড়ে। কিন্তু নিচে পাথরের ওপর পড়ায় ছয় ডাকাত গুরুতর আহত হয়। এদের মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার বিকেলে ডাকাত জসীম মারা যান।
পুলিশ জানায়, ডাকাতদের কাছ থেকে ছয়টি আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।
চমেক হাসপাতালে চিকিৎসাধীন পাঁচ ডাকাত হলো: আবুল কালাম, মো. জহির, মো. মিরাজ, শামসুর রহমান ও মো. আজহার। অন্য ডাকাত তৈয়বকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ জানান, উপজেলার পশ্চিম গহিরার এক বাড়িতে ডাকাতি করতে গিয়ে প্রভাত বড়ুয়া নামের এক গৃহকর্তাকে গুলি করে ডাকাতেরা। পরে মালামাল নিয়ে পালানোর সময় কালুরঘাট ব্রিজ এলাকায় পুলিশের হাতে ধরা পড়ে তারা।