মাদক ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে বিরোধের কারণে চট্টগ্রামে ছাত্রলীগের কর্মী ইয়াছিন আরাফাতকে প্রতিপক্ষ হত্যা করেছে বলে ধারণা করছে পুলিশ। এ ঘটনায় আহত ফাহিমকে আটক করা গেলে প্রকৃত ঘটনা জানা যাবে বলে মনে করছেন পুলিশ কর্মকর্তারা। হামলার ওই ঘটনার পর গত শনিবার বিকেলে চিকিৎসা নিতে ফাহিম চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। কিন্তু কিছুক্ষণ পর হাসপাতাল থেকে পালিয়ে যান তিনি। তাঁর পিঠে ছুরিকাঘাতের চিহ্ন ছিল।
শনিবার বেলা তিনটার দিকে রেয়াজউদ্দিন বাজারের ‘আল মদিনা ভাত ঘর’ হোটেলে ভাত খাওয়ার সময় ছুরিকাঘাত করে হত্যা করা হয় ইয়াছিনকে। তিনি চট্টগ্রাম নগরের সরকারি সিটি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের স্নাতক (সম্মান) তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন। হামলার ওই ঘটনায় আহত হন সিটি কলেজের ছাত্র হারুনুর রশিদ ও ফাহিম। পুলিশ পাহারায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে হারুনের চিকিৎসা চলছে।
ইয়াছিন হত্যার ঘটনায় গতকাল রোববার সন্ধ্যা পর্যন্ত থানায় মামলা হয়নি। লাশ দাফন শেষে পরিবার মামলা করবে বলে জানান কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন। তিনি বলেন, স্বজনেরা লাশ নিয়ে বাড়িতে গেছেন। দাফন শেষে ফিরে মামলা করবেন বলে পরিবারের সদস্যরা তাঁকে জানিয়েছেন। তিনি বলেন, ফাহিমসহ হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত যুবকদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
গতকাল বিকেলে সাতকানিয়া উপজেলার ছদাহা গ্রামে ইয়াছিনের দাফন সম্পন্ন হয়।
পুলিশ সূত্র জানায়, ইয়াবা-সংক্রান্ত ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে দ্বন্দ্বের কারণে এই হত্যাকাণ্ড ঘটতে পারে। ইয়াছিন আগে নগর ছাত্রলীগের গণশিক্ষা-বিষয়ক উপসম্পাদক আবদুল আহাদের অনুসারী ছিলেন। আহত হারুনও আহাদের অনুসারী। তবে সম্প্রতি হারুন ও ইয়াছিনের মধ্যে দূরত্ব তৈরি হয়।
কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) নূর মোহাম্মদ বলেন, ‘আমরা বিভিন্ন দিক খতিয়ে দেখছি। একটি প্রশ্ন জাগে, ইয়াছিন ও হারুন সবাই ছাত্র। কিন্তু তাদের রেয়াজউদ্দিন বাজারে এত আনাগোনা কেন?’
চট্টগ্রাম নগর ছাত্রলীগের গণশিক্ষা-বিষয়ক উপসম্পাদক আবদুল আহাদ বলেন, শনিবার ঘটনার সময় তিনি সাতকানিয়ায় ছিলেন। তিনি বলেন, ‘আমি ইয়াছিনকে চিনতাম। কিন্তু কিছুদিন ধরে ইয়াছিন রেয়াজউদ্দিন বাজারের কিছু অন্য ছেলের সঙ্গে মাদক-সংক্রান্ত বিভিন্ন ব্যবসায় জড়িয়ে পড়ে। তবু আমার সঙ্গে ফোনে যোগাযোগ হতো মাঝেমধ্যে। কী কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে আমি জানি না। তবে শুনেছি হারুন ও ফাহিমকে ইয়াছিনেরা অন্যান্য ছেলেসহ গিয়ে আক্রমণ করেছে।’