আহত পুলিশ সদস্যের অন্তঃসত্ত্বা স্ত্রী সিএমএইচে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ মাঠের কাছে জঙ্গি হামলার ঘটনায় গুরুতর আহত পুলিশ কনস্টেবল রফিকুল ইসলামের (২৪) অন্তঃসত্ত্বা স্ত্রী হ্যাপি আক্তারকে (২১) উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহের সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) পাঠানো হয়েছে। পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে গতকাল শনিবার সন্ধ্যায় পুলিশি পাহারায় অ্যাম্বুলেন্সে তাঁকে ময়মনসিংহে পাঠানো হয়।

জঙ্গি হামলায় গুরুতর আহত রফিকুল বর্তমানে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন রয়েছেন। তাঁর বাড়ি নেত্রকোনার কেন্দুয়া উপজেলার রোয়াইলবাড়ি ইউনিয়নের আমতলা-ইটাবাড়ি গ্রামে।

সংশ্লিষ্ট সূত্র বলেছে, গুলিবিনিময়ের ঘটনায় কনস্টেবল রফিকুলের গুরুতর আহত হওয়ার খবর পেয়ে উপজেলার দ্বিপাড়া গ্রামে বাবার বাড়িতে থাকা তাঁর অন্তঃসত্ত্বা স্ত্রী হ্যাপি মানসিকভাবে ভেঙে পড়েন। এর পরিপ্রেক্ষিতে উন্নত চিকিৎসার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে জেলা ও থানা-পুলিশ তাঁকে ময়মনসিংহ সিএমএইচে পাঠানোর ব্যবস্থা করে।

এ ব্যাপারে হ্যাপির চাচাতো ভাই আনিসুল হক তালুকদার বলেন, ‘হ্যাপির উন্নত চিকিৎসার ব্যবস্থা হওয়ায় আমরা খুশি।’

নেত্রকোনার পুলিশ সুপার (এসপি) জয়দেব চৌধুরী মুঠোফোনে গতকাল প্রথম আলোকে বলেন, ‘পুলিশের মহাপরিদর্শকের (আইজিপি) নির্দেশে উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে আহত রফিকুলের অন্তঃসত্ত্বা স্ত্রীকে ময়মনসিংহ সিএমএইচে পাঠানো হয়েছে।’ কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অভিরঞ্জন দেবও বিষয়টি নিশ্চিত করেন।

শোলাকিয়ায় দেশের সবচেয়ে বড় ঈদ জামাতের মাঠের কাছে ঈদের দিন সকালে জঙ্গিদের বোমা ও বন্দুক হামলায় পুলিশের দুই সদস্যসহ চারজন নিহত হন।