আহত প্রতিবেশীও মারা গেছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের শ্রীপুরে কলেজছাত্রীকে ধর্ষণ শেষে তাঁর মাকেসহ কুপিয়ে হত্যা করে পালিয়ে যাওয়ার সময় দুর্বৃত্তরা প্রতিবেশী মিনারা বেগমকেও কুপিয়ে জখম করে। সেই মিনারা গত শুক্রবার রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
মিনারা (৪৫) শ্রীপুর উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের সিরাজ উদ্দিনের স্ত্রী।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার দিবাগত রাতে মা এবং মেয়েকে খুন করার পর দুর্বৃত্তরা পালানোর সময় পাশের গ্রামের মিনারাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। পরে পরিবারের লোকজন তাঁকে গুরুতর অবস্থায় উত্তরার একটি হাসপাতালে ভর্তি করেন। শুক্রবার রাতে সেখানে তিনি মারা যান।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মোতালেব মিয়া জানান, গতকাল শনিবার পুলিশ ময়নাতদন্তের জন্য মিনারার লাশ গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজের মর্গে পাঠায়। তবে এই তিন খুনের ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি।