মাগুরা শহরের দোয়ারপাড় কারিগরপাড়ায় গত বৃহস্পতিবার ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের সময় বোমা ও গুলিতে গুরুতর আহত মমিন ভূঁইয়া (৬৫) মারা গেছেন। শুক্রবার দিবাগত গভীর রাতে তিনি মারা যান।
এদিকে সংঘর্ষে গুলিবিদ্ধ প্রসূতির নবজাতক মেয়েটির শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গতকাল রাত আটটার দিকে তাকে ঢাকায় পাঠানো হয়। স্থানীয় চিকিৎসকেরা বলেছেন, শিশুটি এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে।
গত বৃহস্পতিবার বিকেলে ছাত্রলীগের আজিব্বর শেখ ও মুহম্মদ আলীর সমর্থকেরা প্রতিপক্ষ কামরুল ভূঁইয়ার বাড়িতে হামলা চালায়। এ সময় কামরুলের বড় ভাই বাচ্চু ভূঁইয়ার আট মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী নাজমা খাতুন (৩৫) তলপেটে গুলিবিদ্ধ এবং চাচা মমিন ভূঁইয়া গুলি ও বোমার আঘাতে গুরুতর আহত হন। এ ছাড়া তারা মিরাজ শেখ (২৭) নামে কামরুল ভূঁইয়ার এক সমর্থককেও কুপিয়ে জখম করে।
বৃহস্পতিবার রাতেই গুলিবিদ্ধ নাজমা খাতুন মাগুরা সদর হাসপাতালে প্রায় দুই ঘণ্টা অস্ত্রোপচারের পর মেয়েশিশুটির জন্ম দেন।
সদর হাসপাতালের চিকিৎসক শফিউর রহমান গতকাল প্রথম আলোকে বলেন, গুলিবিদ্ধ অবস্থায় অস্ত্রোপচার করে কন্যাশিশুটি জন্ম নেওয়ার পর রক্তসংকট দেখা দেয়। নবজাতককে দুই ব্যাগ রক্ত হয়েছে। শিশুটি শ্বাসকষ্টে ভুগছে। তার শরীরের বিভিন্ন জায়গা বুলেটবিদ্ধ হয়ে জখম হওয়ায় বেঁচে থাকা নিয়ে সংশয় দেখা দিয়েছে।
নাজমা খাতুন এখন সদর হাসপাতালের গাইনি ওয়ার্ডে ভর্তি রয়েছেন। তাঁর অবস্থাও শঙ্কামুক্ত নয় বলে জানিয়েছেন চিকিৎসকেরা।
এদিকে গতকাল শনিবার বেলা ১১টার দিকে দোয়ারপাড় কারিগরপাড়া এলাকার তিন শতাধিক নারী-পুরুষ ঘটনার প্রতিবাদ ও দোষী ব্যক্তিদের শাস্তির দাবিতে শহরে বিক্ষোভ মিছিল ও চৌরঙ্গী মোড়ে মানববন্ধন করেন। তাঁরা বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানার ব্যবহার করেন। ব্যানার ও প্ল্যাকার্ডে ওই ঘটনার সঙ্গে জড়িত ছাত্রলীগের কর্মী আজিব্বর শেখ, মুহম্মদ আলী, মো. সাগর ও সেন সুমনের ফাঁসির দাবি জানানো হয়।