আশুলিয়ার কাঠগড়া বাজারে ব্যাংক ডাকাতির ঘটনায় আহত ব্যবসায়ী আইয়ুব আলী (৬০) গতকাল শুক্রবার রাতে মারা গেছেন। এ নিয়ে দুর্ধর্ষ এ ঘটনায় মারা গেলেন নয়জন।
এদিকে ডাকাতির ঘটনায় জড়িত সন্দেহে আরও দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ দুজন এবং ঘটনার সময় জনতার হতে আটক দুজন জঙ্গি সংগঠনের সদস্য বলে দাবি করছে পুলিশ।
টানা ছয় ঘণ্টা দোকানে বেচাবিক্রি করে ক্লান্ত শরীরে দুপুরের আহার করতে বসেছিলেন আশুলিয়ার কাঠগড়া বাজারের ব্যবসায়ী আইয়ুব আলী (৬০)। ঠিক তখনই বাজারের মসজিদের মাইকে ‘ডাকাত ডাকাত’ চিৎকার শুনে ব্যাংকের কাছে এগিয়ে যান তিনি। ডাকাতদের প্রতিহত করার চেষ্টা করে গুলি আর ছোরার আঘাতে মাটিয়ে লুটিয়ে পড়েন। এর পর থেকে টানা চার দিন মৃত্যুর সঙ্গে লড়ে গতকাল রাতে তিনি মারা যান।
আইয়ুব আলীর বাড়ি চাঁদপুরের শাহরাস্তিতে। চাকরি করতেন বিডিআরে। অবসরে যাওয়ার পর কাঠগড়া বাজারের পাশে এক টুকরো জমি কিনে বাড়ি করেন। এর পর থেকে স্ত্রী-সন্তানদের নিয়ে সেখানেই থাকতেন। তৈজসপত্রের ব্যবসা করতেন কাঠগড়া বাজারে। তাঁর দুই মেয়ে ও এক ছেলে।
আইয়ুব আলীর মেয়ে নাসরিন রীনা বলেন, মাইকে ব্যাংক ডাকাতির ঘোষণা শুনে তাঁর বাবা একটি মই নিয়ে ঘটনাস্থলে ছুটে যান। ওই মই দিয়ে ডাকাতদের প্রতিহত করার চেষ্টা করলে ডাকাতেরা তাঁর পেটে গুলি চালায় এবং বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে ভর্তি করা হয় সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে। হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে তাঁর চিকিৎসা চলছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রাত নয়টার দিকে তিনি মারা যান।
পুলিশের সংবাদ সম্মেলন: গতকাল ঢাকা মহানগর পুলিশের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, গত বৃহস্পতিবার রাতে আশুলিয়ার কলমা এলাকা থেকে বাবুল সরদার (৩২) ও মিন্টু প্রধান (২৮) নামের দুজনকে গ্রেপ্তার করা হয়। এর আগে গত মঙ্গলবার ডাকাতির পরপরই জনতার হাতে ধরা পড়েন সাইফুল ইসলাম ওরফে আল আমিন (২৫) ও বোরহানউদ্দীন মৃধা (৩৫)। গণপিটুনিতে আহত এ দুজন পুলিশি হেফাজতে চিকিৎসাধীন। বৃহস্পতিবার গ্রেপ্তার বাবুলের বাড়ি মাদারীপুরের শিবচর উপজেলার ব্রাহ্মণকুল গ্রামে আর মিন্টুর বাড়ি মানিকগঞ্জের শিবালয়ের দাসকান্দি গ্রামে।
সংবাদ সম্মেলনে পুলিশের ঢাকা রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) এস এম মাহাফুজুল হক নুরুজ্জামান বলেন, ঘটনার পরপর গ্রেপ্তার সাইফুল ও বোরহানের তথ্যের ভিত্তিতে এঁদের গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের কাছ থেকে প্রচুর গানপাউডার, গ্রেনেড ও বোমা তৈরির বিভিন্ন সরঞ্জাম, বিস্ফোরক মাপার যন্ত্র, চারটি চাপাতি, আটটি ছোরা, একটি পিস্তলের ম্যাগাজিন, দুটি মোটরসাইকেল এবং বেশ কিছু ‘উগ্রপন্থী’ বই ও প্রচারপত্র উদ্ধার করা হয়। মিন্টু ও বাবুল ডাকাতির সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত বলে জানায় পুলিশ।
এর আগে বুধবার সাভার থানার মিলনায়তনে সংবাদ সম্মেলনে ডিআইজি নুরুজ্জামান ঘটনার জন্য জামায়াত-শিবিরকে দায়ী করে বলেন, ঘটনার বিশ্লেষণ করে তাঁর মনে হয়েছে ডাকাতি নয়, তাদের মূল উদ্দেশ্য ছিল হত্যা আর নাশকতা। জামায়াত-শিবিরের কর্মীরা এ ঘটনার সঙ্গে জড়িত। গ্রেপ্তার হওয়া বোরহান শিবিরের কর্মী। বোরহানের পুরো পরিবারই জামায়াতের সঙ্গে যুক্ত।
এরপর গতকাল ঢাকা মহানগর পুলিশের মিডিয়া সেন্টারে ডিআইজি ওই ডাকাতির জন্য জঙ্গিদের দায়ী করে বলেন, ‘গ্রেপ্তার দুজন একসময় ইসলামী ছাত্রশিবির করলেও বর্তমানে জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত। রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি এবং সংগঠনের তহবিল গঠনের জন্য তারা ব্যাংকে ডাকাতি করে।’
এ বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল প্রথম আলোকে বলেন, ডাকাতদের ফেলে যাওয়া দুটি মোটরসাইকেলের সূত্র ধরে বৃহস্পতিবার রাতে বাবুল ও মিন্টুকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের কাছ থেকেই টঙ্গীতে একটি আস্তানার তথ্য পাওয়া যায়। এরপর টঙ্গীর আউচপাড়ায় সেই আস্তানায় অভিযান চালিয়ে ওই গোলাবারুদ উদ্ধার করা হয়।
ওসি বলেন, ঘটনার দিন আটক দুই ডাকাতের একজন নিজেকে সাইফুল বলে পরিচয় দিলেও আসল নাম আল আমিন। বাড়ি রাজধানীর কামরাঙ্গীরচরে।
গত মঙ্গলবার বাংলাদেশ কমার্স ব্যাংকের কাঠগড়া বাজার শাখায় এই ডাকাতির ঘটনায় সব মিলে নয়জন নিহত হন। ডাকাতদের হামলায় ব্যাংকের ভেতরে ব্যবস্থাপকসহ তিনজন, ধাওয়া করতে গিয়ে বোমা-গুলিতে পাঁচজন সাধারণ মানুষ এবং গণপিটুনিতে এক ডাকাত নিহত হন।