আহত ১০
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গুণবহা ইউনিয়নের হরিহরনগর গ্রামে গতকাল রোববার আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, গুণবহা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য মঞ্জু মোল্লার ভাতিজা রফিক মোল্লাকে গত শনিবার রাতে একই গ্রামের সাবেক ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি সাহেব মোল্লার এক সমর্থকের বাড়িতে এক সালিসে অপমান করা হয়। এ ঘটনার জের ধরে রোববার সকালে মঞ্জু মোল্লা ও সাহেব মোল্লার লোকজন লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় উভয় পক্ষের ১০ জন আহত হয়। খবর পেয়ে বোয়ালমারী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত ব্যক্তিদের মধ্যে একজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া আরও ছয়জন বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।