আহমদিয়ার তিন নেতাকে ধরে নিয়ে যাওয়ার অভিযোগ

রাজশাহী থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পরিচয়ে আহমদিয়া মুসলিম সম্প্রদায়ের তিনজনকে ধরে নিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। তবে পুলিশ এই অভিযোগ অস্বীকার করেছে। এদিকে বাগমারায় আহমদিয়া সম্প্রদায়ের মসজিদে বিস্ফোরণে নিহত যুবকই বোমা বহন করছিলেন। লাশের ময়নাতদন্তের সঙ্গে সংশ্লিষ্ট চিকিৎসক এ কথা জানিয়েছেন।
আজ ঘটনাস্থলে গিয়ে আহমদিয়া মুসলিম জামাতের রাজশাহীর সভাপতি ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষক আবদুল্লাহ শামস বিন তারিক অভিযোগ করেছেন, তাঁদের তিন নেতা আবু সাঈদ, আশরাফুল ইসলাম ও সফিকুল ইসলামকে গতকাল শুক্রবার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ধরে নিয়ে গেছেন। আজ সকাল পর্যন্ত তাঁদের কোনো খোঁজ মেলেনি। র্যাব ও পুলিশের সঙ্গে যোগাযোগ করে তাঁরা কোনো তথ্য পাননি। তাঁরা কাউকে আটকের খবর অস্বীকার করেছেন।
পুঠিয়া সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার আসলাম আহমেদ বলেন, তাঁরা কাউকে আটক বা গ্রেপ্তার করেননি। তাঁরা নিহত যুবকের পরিচয় উদ্ঘাটনের চেষ্টা করছেন। তবে অভিযোগটি খতিয়ে দেখা হবে।
রাজশাহী মেডিকেল কলেজের মর্গে বিস্ফোরণে নিহত যুবকের লাশের আজ ময়নাতদন্ত হয়েছে। বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান বলেন, দুপুরে ময়নাতদন্ত শেষে নিহত যুবকের লাশ মর্গেই রাখা হয়েছে। পরিচয় না পাওয়া গেলে লাশ দাফনের জন্য বেওয়ারিশ হিসেবে আঞ্জুমানে মুফিদুলে দেওয়া হবে।