আহসান-আমিমুলের খোঁজ ছিল না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আমিমুল এহসান ও আহসান হাবিব
আমিমুল এহসান ও আহসান হাবিব

গাজীপুর ও টাঙ্গাইলে অভিযানে নিহত আরও দুজনের পরিচয় মিলেছে। এঁদের একজন হলেন আহসান হাবিব। তাঁর বাড়ি নওগাঁর রানীনগরে। অন্যজন হলেন আমিমুল এহসান। তাঁর বাড়ি জয়পুরহাটের কালাই উপজেলায়।
আহসান হাবিব দু বছর ধরে এবং আমিমুল এহসান এক বছর ধরে নিখোঁজ ছিলেন বলে জানিয়েছেন তাঁদের স্বজনেরা।
র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান প্রথম আলোকে বলেন, গত শনিবার গাজীপুর ও টাঙ্গাইলে পৃথক অভিযানে এঁরা দুজন নিহত হন। আহসান হাবিব টাঙ্গাইল অভিযানে আর আমিমুল এহসান গাজীপুরে অভিযানে নিহত হন।
গত শনিবার গাজীপুরে দুটি পৃথক অভিযানে নয়জন এবং টাঙ্গাইলে একটি অভিযানে দুজন নিহত হন। এই ১১ জনের মধ্যে ওই দিন কেবল তিনজনের নাম জানায় র‍্যাব-পুলিশ।

আহসান দু বছর ধরে নিখোঁজ ছিল:
টাঙ্গাইলের কাগমারা এলাকায় জঙ্গিবিরোধী অভিযানে নিহত দুই সন্দেহভাজন জঙ্গির একজন আহসান হাবিবের বাড়ি নওগাঁর রানীনগর উপজেলার দক্ষিণ রাজাপুর গ্রামে। স্বজনদের দাবি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের পড়ার সময় গত ২০১৪ সাল থেকে নিখোঁজ ছিলেন।
আজ মঙ্গলবার টাঙ্গাইলে র‍্যাব কার্যালয়ে আহসানের লাশ শনাক্ত করে তাঁর পরিবার। আহসানের বাবা আলতাফ হোসেন আজ সন্ধ্যায় মোবাইলে প্রথম আলোকে লাশ শনাক্ত করার কথা নিশ্চিত করেছেন।

আহসানের চাচা রানীনগর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শরীফ উদ্দিন বলেন, আহসান হাবিব রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে লেখাপড়া করতেন। ওই বিভাগে তৃতীয় বর্ষে পড়ার সময় ২০১৪ সালের ডিসেম্বর মাসে অস্ত্র মামলায় গ্রেপ্তার হন। পরের বছরের সেপ্টেম্বর মাসে জামিনে মুক্তি পান তিনি। এরপর থেকেই পরিবারের সঙ্গে তাঁর আর কোনো যোগাযোগ ছিল না। এ ব্যাপারে রাজশাহী বোয়ালিয়া থানায় সাধারণ ডায়েরি করেন তাঁর বাবা।

চাচা শরীফ উদ্দীন বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর থেকেই তাঁর মধ্যে পরিবর্তন আসতে থাকে। মানুষের সঙ্গে ঠিকমতো মিশতো না। বাড়িতেও খুব একটা আসত না।

নওগাঁর পুলিশ সুপার মোজাম্মেল হক বলেন, রাজশাহীতে আহসানের নিখোঁজ হওয়ার বিষয়ে জিডির পর নওগাঁ পুলিশকে এ ব্যাপারে তথ্য দেওয়া হয়। যেহেতু এর আগে অস্ত্রসহ ধরা পড়েছিল। সে জন্য আগের তালিকায় জেএমবি হিসেবে আহসানের নাম না থাকলেও সন্দেহভাজন জেএমবি হিসেবে গুরুত্ব দিয়ে তাঁকে খোঁজা শুরু হয়।

আমিমুল নিখোঁজ এক বছর ধরে:
আমিমুল এহসান ওরফে অপু (২৩) বগুড়ার বেসরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান কম্পিউটার সায়েন্স অ্যান্ড বিজনেস স্টাডিজ ইনস্টিটিউশনে (সিএসবিএসআই) কম্পিউটার বিজ্ঞান বিভাগের সপ্তম সেমিস্টারের ছাত্র ছিলেন। তাঁর বাড়ি জয়পুরহাটের কালাই উপজেলার জিন্দারপুর ইউনিয়নের বেগুনগ্রামে। বগুড়ার বড় ভাইয়ের বাসায় থেকে পড়াশোনা করতেন। বগুড়ায় আসার কথা বলে বাড়ি থেকে বের হয়ে গত বছরের ৪ অক্টোবর থেকে ‘নিখোঁজ’ ছিলেন তিনি। এর দুই দিন পর ৬ অক্টোবর তাঁর বাবা আবদুল গাফফার এ ব্যাপারে কালাই থানায় জিডি করেছিলেন।

আমিমুল এহসানের বাবা আবদুল গাফফার মঙ্গলবার সন্ধ্যায় মোবাইলে প্রথম আলোকে বলেন, তিনি কৃষিকাজ করেন। তিন ছেলের মধ্যে বড় দুই ছেলে চাকরি করেন। ছোট ছেলে আমিমুল ২০১০ সালে কালাই ময়েন উদ্দিন উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশের পর বগুড়ায় বেসরকারি পলিটেকনিকে ভর্তি হয়। গত বছরের ৪ অক্টোবর বগুড়ায় যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। পরে তার মোবাইল বন্ধ পেয়ে খোঁজা-খুঁজি পরেও কোনো সন্ধান মেলেনি। বাধ্য হয়ে ৬ অক্টোবর কালাই থানায় জিডি করা হয়।

বড়ভাই আশিকুর রহমানের বাড়িতে থাকতেন আমিমুল। আশিকুর রহমানের প্রথম আলোকে বলেন, বাইরের কারও সঙ্গে খুব একটা মিশতেন না আমিমুল। কথাবার্তাও কম বলতেন। আমিমুলের শোকে বাবা পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়েছেন। মাও শয্যাশায়ী। আজ সন্ধ্যায় জয়পুরহাটের গোয়েন্দা পুলিশ থেকে যোগাযোগ করে জঙ্গিবিরোধী অভিযানে আমিমুল নিহতের বিষয়টি তাঁদের জানানো হয়।

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, আমিমুল এক বছর ধরে নিখোঁজ ছিলেন। নিখোঁজের ব্যাপারে তাঁর বাবা থানায় ডায়েরিও করেছেন। খোঁজ খবর নিয়ে পুলিশ আগেই নিশ্চিত হয়েছিল আমিনুল ‘নব্য জেএমবি’তে জড়িয়েছেন। জঙ্গিবিরোধী অভিযানে তাঁর নিহতের খবর ইতিমধ্যেই জেলা পুলিশ থেকে নিশ্চিত করা হয়েছে।

{প্রতিবেদন তৈরিতে তথ্য দিয়ে সহায়তা করেছেন প্রথম আলোর বগুড়া, জয়পুরহাট, নওগাঁ ও আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি}