আহসানউল্লাহ বিশ্ববিদ্যালয়ের সেই শিক্ষক চাকরিচ্যুত
যৌন হয়রানির অভিযোগের মামলায় গ্রেপ্তার বেসরকারি আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তড়িৎ প্রকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক মাহফুজুর রশিদ ফেরদৌসকে চাকরিচ্যুত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
আজ সোমবার মাহফুজুর রশিদ ফেরদৌসকে চাকরিচ্যুত করা হয়। ৪ মে থেকে চাকরিচ্যুতির আদেশ কার্যকর হবে। চাকরিচ্যুতির নোটিশটি গণমাধ্যমেও পাঠিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
চাকরিচ্যুতির আগে মাহফুজুর রশিদকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল। তিনি বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টরের দায়িত্বও পালন করছিলেন।
যৌন হয়রানির অভিযোগে করা মামলায় দায় স্বীকার করে গত শনিবার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন মাহফুজুর রশিদ।
৩ মে মাহফুজুর রশিদ ফেরদৌসের নাম উল্লেখ করে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১০ ধারায় শ্লীলতাহানির মামলা হয়। ওই দিন রাতেই কলাবাগান থানার পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। ৪ মে এই আসামিকে আদালতে হাজির করে পুলিশ সাত দিনের রিমান্ড আবেদন করে। আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। ৫ মে এই মামলায় যৌন হয়রানির শিকার পাঁচ শিক্ষার্থী আদালতে হাজির হয়ে আদালতের কাছে জবানবন্দি দিয়েছেন। ওই শিক্ষার্থীদের আদালতে হাজির করে তাঁদের জবানবন্দি রেকর্ড করার আবেদনে মামলার তদন্তকারী কর্মকর্তা উল্লেখ করেছেন, আসামি বিভিন্ন সময় তাঁদের কুপ্রস্তাব দিয়েছেন এবং শ্লীলতাহানি করেছেন।