আহ্ছানউল্লাহর সাময়িক বরখাস্ত শিক্ষকের জামিন নাকচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগে করা মামলায় আহ্ছানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাময়িক বরখাস্ত হওয়া শিক্ষক মাহফুজুর রশীদ ফেরদৌসের জামিনের আবেদন নাকচ করেছেন আদালত।
গতকাল সোমবার ঢাকা মহানগর হাকিম আমিরুল হায়দার এ আদেশ দেন। গতকাল মাহফুজুর রশীদের পক্ষে জামিনের
আবেদন করেন তাঁর আইনজীবীরা। শুনানিতে তাঁর আইনজীবীরা বলেন, আসামি একজন শিক্ষক। দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে কাজ করে আসছেন। তিনি ষড়যন্ত্রের শিকার। জোর করে স্বীকারোক্তি নেওয়া হয়েছে। তিনি অসুস্থ ও কারাগারে আছেন। তাই তিনি জামিন পেতে পারেন।
জাতীয় মহিলা আইনজীবী সমিতির প্যানেল আইনজীবী ফাহমিদা আকতার জামিনের বিরোধিতা করেন। তিনি আদালতে বলেন, ৭ মে মাহফুজুর রশীদ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। হয়রানির শিকার পাঁচজন ছাত্রী আদালতে জবানবন্দি দিয়েছেন। মামলা তদন্তাধীন। এ অবস্থায় তাঁকে জামিন দেওয়া হলে তদন্তে বিঘ্ন ঘটানোর আশঙ্কা রয়েছে। তিনি জামিনের আবেদন নাকচ করার আবেদন জানান।
শুনানি শেষে আদালত জামিনের আবেদন নাকচ করেন। এ মামলায় রাষ্ট্রপক্ষকে বাংলাদেশ মহিলা পরিষদও সহায়তা করছে।
৩ মে ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগে আহ্ছানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র কলাবাগান থানায় এ মামলা করেন। পরে ওই রাতে কলাবাগানের বাসা থেকে মাহফুজুর রশীদকে গ্রেপ্তার করে পুলিশ।
ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগে গত ৩০ এপ্রিল আন্দোলন শুরু করেন বেসরকারি ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আন্দোলনের মুখে মাহফুজুর রশীদকে সাময়িক বরখাস্ত করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।