কিশোরগঞ্জের ভৈরব পৌর আওয়ামী লীগ কমিটি বিলুপ্ত করে গঠিত আহ্বায়ক কমিটি গঠনের প্রতিবাদে আজ সোমবার সকালে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
গতকাল রোববার দুপুরে পৌর আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে বিলুপ্ত কমিটির সভাপতি ইফতেখার হোসেন ও সাধারণ সম্পাদক শেফায়েত উল্লাহর নেতৃত্বে সংবাদ সম্মেলনে দলের একাংশ আহ্বায়ক কমিটিকে রুখে দেওয়ার ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে কর্মসূচির সঙ্গে একাত্মতা ঘোষণা করেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবুল মনসুর ও উপজেলা যুবলীগের সভাপতি উমর ফারুক।
গত ২৫ জুলাই পৌর আওয়ামী লীগের কমিটি বিলুপ্ত করে জাকির হোসেনকে আহ্বায়ক ও এনামুল হককে সদস্যসচিব করে ২৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। ভৈরব উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক ও পৌর মেয়র ফখরুল আলম আহ্বায়ক কমিটির অনুমোদন দিলে দলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়।
সংবাদ সম্মেলনে ইফতেখার হোসেন বলেন, গঠনতন্ত্র অনুযায়ী ‘ক’ শ্রেণির পৌর কমিটি সাংগঠনিক থানার মর্যাদা ভোগ করবে। ভৈরব ‘ক’ শ্রেণির পৌরসভা হওয়ায় একই পদমর্যাদার কমিটি অন্য কমিটি বিলুপ্তের এখতিয়ার রাখে না। তিনি বলেন, ভৈরব আওয়ামী লীগ গঠনতন্ত্র অনুযায়ী চলে না, চলে ব্যক্তির গঠনতন্ত্র অনুযায়ী। আর এই কারণেই উপজেলা ও পৌর আওয়ামী লীগের দুটি আহ্বায়ক কমিটির সব সদস্য উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি সায়দুল্লাহ মিয়ার বলয়ভুক্ত। তা ছাড়া যাঁকে আহ্বায়ক (জাকির হোসেন) করা হয়েছে তিনি পৌর কমিটির সহসভাপতি ছিলেন। ২০০৩ সালের ১০ জুলাই তিনি কমিটি থেকে পদত্যাগ করেছিলেন। একজন পদত্যাগী নেতাকে আহ্বায়ক করা ঠিক হয়নি বলে দাবি করেন ইফতেখার। তবে স্থানীয় সাংসদ নাজমুল হাসানের প্রতি শতভাগ বিশ্বাস ও আস্থা আছে দাবি করে এই সমস্যা সমাধানে সাংসদের হস্তক্ষেপ কামনা করেন তিনি।
অভিযোগ বিষয়ে সায়দুল্লাহ মিয়া বলেন, ‘এখন দলে আমার পরিচয় আমি একজন কর্মী। সুতরাং যা হচ্ছে সবই আহ্বায়ক কমিটি দ্বারা। তা ছাড়া তাঁদের (মনসুর পক্ষ) সঙ্গে কেউ না থাকলে আমার কী করার আছে।’
গঠনতন্ত্র লঙ্ঘন হয়েছে কি না জানতে চাইলে কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ আফজল বলেন, ভৈরব ‘ক’ শ্রেণির পৌরসভা। বিধি অনুযায়ী থানার মর্যাদা পাবে। পরে অবশ্য বলেন, ওই ধারায় নাকি ছাপার ভুল আছে।