আড়াই কেজি সোনাসহ দুজন আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গা-৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের (বিজিবি) বিশেষ দল অভিযান চালিয়ে ২ কেজি ৪০০ গ্রাম ওজনের সোনার বার, একটি মোটরসাইকেলসহ চোরাকারবারি সন্দেহে দুজনকে আটক করেছে। গতকাল সোমবার দামুড়হুদা উপজেলার নাস্তিপুর-ঝাঁঝাডাঙ্গা সড়কে এ অভিযান চালানো হয়।
আটক হওয়া ব্যক্তিরা হলেন নাস্তিপুর গ্রামের কাওসার আলী (৪২) ও আনিসুর রহমান (৩০)।
৬-বিজিবি চুয়াডাঙ্গা সদর দপ্তর সূত্র জানায়, ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল এস এম মনিরুজ্জামান ও অতিরিক্ত পরিচালক মেজর আনোয়ার জাহিদের তত্ত্বাবধানে বারাদী বর্ডার আউট পোস্টের (বিওপি) টহল কমান্ডার নায়েব সুবেদার নজরুল ইসলাম বিজিবির সদস্যদের নিয়ে এ অভিযান চালান। তাঁরা কাওসার আলী ও আনিসুর রহমানের মোটরসাইকেলে তল্লাশি করে এক কেজি ওজনের দুটি ও ১০০ গ্রাম ওজনের চারটি সোনার বার উদ্ধার করেন। এ সময় দুটি মোটরসাইকেল, দুটি মুঠোফোন ও নগদ ৫২৬ টাকা জব্দ করা হয়। এগুলোর মূল্যমান প্রায় ১ কোটি ৪৬ লাখ ২৪ হাজার ৫২৬ টাকা।
৬-বিজিবির পরিচালক এস এম মনিরুজ্জামান বলেন, আটক দুজন জানিয়েছেন, সোনার এই চালানটি তাঁরা কুষ্টিয়ার জনৈক জমসেদের কাছ থেকে নিয়ে আসেন। এগুলো ভারতের পশ্চিমবঙ্গের কৃষ্ণনগর জেলার গেদে সীমান্ত এলাকার পরিমল ওরফে পরির কাছে হস্তান্তর করার কথা ছিল।