আড়াই মাস পর বাংলাদেশি ছাত্রী ভারতে উদ্ধার
বাংলাদেশি এক কলেজছাত্রীকে পাত্র দেখানোর নাম করে গ্রামের বাড়ি থেকে জেলা শহরে আনেন তাঁর দুলাভাই। পরে বিক্রি করে দেন ভারতের নয়াদিল্লির এক পাচারকারী চক্রের কাছে। পাচারকারীরা ওই ছাত্রীকে দিল্লির এক বাড়িতে আটকে রাখে। তার ওপর চলে নির্মম নির্যাতন। সেখান থেকে কৌশলে পালিয়ে আশ্রয় নেন এক বাঙালি নারীর কাছে। কিন্তু রক্ষা নেই। ওই নারীও পাচারকারী আরেক চক্রের সদস্য। সেখানেও ওই ছাত্রীর ওপর চলে নির্যাতন।
ভারতের উত্তরাখন্ড রাজ্যের রুদ্রপুর বাসস্ট্যান্ড থেকে গত বুধবার সন্ধ্যায় ওই ছাত্রীকে (২০) উদ্ধার করা হয়। উদ্ধারকাজে দিল্লির বাংলাদেশ হাইকমিশন ও দিল্লির স্টপ নামের একটি মানবাধিকার সংগঠন সহযোগিতা দেয়।
উদ্ধার হওয়া ছাত্রীর মামা বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, ওই ছাত্রীর বাড়ি বাগেরহাটের কচুয়া উপজেলার একটি গ্রামে।গত ২৭ ফেব্রুয়ারি পাত্র দেখানোর নাম করে ওই ছাত্রীকে তাঁর দুলাভাইমোটরসাইকেলে করে গ্রামের বাড়ি থেকে জেলা সদরে আনেন। এর পর থেকে আর ওই ছাত্রীর কোনো খোঁজ মিলছিল না। এ ঘটনায় ৮ মার্চ কচুয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি-২৫৫) করা হয়। পরে ওই দুলাভাইসহ সাতজনের বিরুদ্ধে একই থানায় অপহরণ মামলা করা হয়। বাড়ি থেকে যাওয়ার অনেক দিন পর ওই ছাত্রী মুঠোফোন থেকে নিজ বাড়িতে ফোন করেন। স্বজনদের জানান, তিনি বেঁচে আছেন। আর ওই মুঠোফোনের সূত্র ধরেই তাঁর সন্ধানে নামেন মামা। যান নয়াদিল্লিতে। সেখানে বাংলাদেশ হাইকমিশন ও মানবাধিকার সংগঠন স্টপের সহযোগিতা প্রার্থনা করেন।
ছাত্রীর মামা জানিয়েছেন, বুধবার স্টপের দুই কর্মকর্তাসহ তিনি ছুটে যান দিল্লি থেকে প্রায় ৩০০ কিলোমিটার দূরে রুদ্রপুরে। সেখানে সন্ধ্যায় বাসস্ট্যান্ডে তাঁর ভাগনিকে খুঁজে পান।
মানবাধিকার সংগঠন স্টপের প্রেসিডেন্ট রমা দেবব্রত বলেন, ‘ওই কলেজছাত্রীকে উদ্ধারের পর দিল্লিতে আমাদের হেফাজতে রাখা হয়েছে। শিগগির তাঁকে দেশে পাঠানোর চেষ্টা চলছে।’
বাংলাদেশি কলেজছাত্রী উদ্ধারের এ ঘটনার সত্যতা নিশ্চিত করে দিল্লির বাংলাদেশ হাইকমিশনের মিনিস্টার (কনস্যুলার) মোশারফ হোসেন গত বৃহস্পতিবার সন্ধ্যায় বলেন, ওই ছাত্রীকে দেশে পাঠানোর জন্য প্রয়োজনীয় কাগজপত্র তৈরি করা হচ্ছে।