আড়াই মাসেও আসামি গ্রেপ্তার হয়নি বাদীকে হুমকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চর আবাবিল ইউনিয়ন যুবলীগের প্রচার সম্পাদক মনু মিয়া খুন হওয়ার আড়াই মাস পরও পুলিশ কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি। মনু মিয়ার স্ত্রীর অভিযোগ, আসামিরা আওয়ামী লীগের জেলা ও উপজেলা পর্যায়ের কয়েকজন নেতার আশ্রয়-প্রশ্রয়ে রয়েছেন। এদিকে মামলা প্রত্যাহারের জন্য বাদী এবং মনুর স্ত্রীকে আসামিরা হুমকি দিচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
মনু মিয়াকে (৪০) গত ১৩ মার্চ রাস্তায় কুপিয়ে জখম করা হয়। ১৬ মার্চ তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। এ ঘটনায় নিহত মনু মিয়ার ভাগনে মো. নাদিম বাদী হয়ে রায়পুর থানায় মামলা করেন। এতে লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি ও চর আবাবিল ইউপির চেয়ারম্যান শহিদ উল্যার ছেলে মঞ্জুর হোসেন ওরফে সুমনকে প্রধান আসামিসহ মোট ১০ জনকে আসামি করা হয়। আসামিরা সবাই আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী।
বাদী অভিযোগ করেন, আসামিরা প্রকাশ্যে ঘুরছে। মামলা প্রত্যাহারের জন্য তাঁকে ও মনু মিয়ার স্ত্রী সামছুর নাহারকে হুমকি দিচ্ছে। বিষয়টি গত ৪ এপ্রিল পুলিশ ও র্যা বকে লিখিতভাবে জানানো হয়। অবশ্য মামলার প্রধান আসামি মঞ্জুর হোসেন দাবি করেন, হুমকি দেওয়ার অভিযোগ ঠিক নয়।
নিহত মনু মিয়ার স্ত্রী সামছুর নাহার বলেন, ‘আওয়ামী লীগের জন্য আমার স্বামী নিবেদিত ছিল। যারা আমার স্বামীর খুনি, তারা এখন জেলা ও উপজেলা আওয়ামী লীগের তিন-চারজন নেতার আশ্রয়ে আছে। ওই নেতাদের ভয়ে পুলিশ আসামিদের ধরে না।’
তবে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসমাইল খোকন অভিযোগ অস্বীকার করে বলেন, মনু মিয়ার হত্যা মামলার আসামিরা আওয়ামী লীগের কোনো নেতার আশ্রয়-প্রশ্রয়ে নেই। হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত, তাদের বিচার হোক এটা আমরাও চাই।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ-আল-মামুন ভূঁইয়া বলেন, আসামিদের গ্রেপ্তারের জন্য রায়পুরসহ বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়েছে। সাক্ষীদের জবানবন্দি নেওয়া হচ্ছে। কিছু দিনের মধ্যে মামলার তদন্ত প্রতিবেদন দেওয়া হবে।