বৃদ্ধ দম্পতির ঘরে আড়াই লাখ টাকা থাকতে পারে। দুজনকে খুন করতে পারলে ওই টাকা পাওয়া যাবে। এর আগেও একবার ওই দম্পতির ঘরে চুরি করে প্রায় ৫০ হাজার টাকা পাওয়া গেছে। মূলত টাকার লোভেই বান্দরবানের লামায় এই দম্পতিকে খুনের পরিকল্পনা করেন প্রতিবেশী মংহাইসিং মারমা। হত্যাকাণ্ডে তাঁর সঙ্গে অংশ নেন আরও দুজন। তবে খুন করার পর ঘরে মাত্র চার হাজার টাকা পান তাঁরা।
গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে মংহাইসিং এসব কথা বলেছেন বলে পুলিশ জানায়। খুনের ঘটনার পর থেকে মংহাইসিংকেই সন্দেহ করছিল নিহত দম্পতির সন্তানেরা।
এদিকে গতকাল রোববার সন্ধ্যায় লামার বিচারিক হাকিমের আদালতে অপরাধ স্বীকার করে মংহাইসিং মারমা (২২) ও তাঁর সঙ্গী এলিউ ত্রিপুরা ওরফে রাহুল (২৩) জবানবন্দি দিয়েছেন বলে প্রথম আলোকে বলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন। তিনি বলেন, হত্যাকাণ্ডে জড়িত একজনকে এখনো গ্রেপ্তার করা যায়নি।
হত্যা মামলার তদন্ত কর্মকর্তা ও লামা থানার উপপরিদর্শক (এসআই) খায়রুল আলম প্রথম আলোকে বলেন, গত শুক্রবার রাতে কক্সবাজারের চকরিয়ার ডুলাহাজারা বঙ্গবন্ধু সাফারি পার্ক এলাকা থেকে মংহাইসিং মারমাকে এবং শনিবার সকালে চট্টগ্রামের ইপিজেড এলাকা থেকে এলিউ ত্রিপুরাকে গ্রেপ্তার করা হয়। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে খাগড়াছড়িতে অভিযান চালিয়ে সুমন ত্রিপুরা নামের আরেকজনকে গ্রেপ্তারে অভিযান চালানো হয়। তবে তাঁকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। এই তিনজনই বৃদ্ধ দম্পতি হত্যাকাণ্ডে অংশ নেন বলে জানান তিনি।
বান্দরবানের লামা উপজেলার ফাসিয়াখালী ইউনিয়নের ইয়াংসা ছোটপাড়া এলাকায় গত ২৪ মার্চ রাতে নিজ বাড়িতে খুন হন বৃদ্ধ দম্পতি ক্যহ্লাচিং মারমা (৭০) ও তাঁর স্ত্রী চিংহ্লামে মারমা (৬৫)। পরদিন সকালে স্থানীয় লোকজনের দেওয়া তথ্যের ভিত্তিতে লাশ দুটি উদ্ধার করে পুলিশ। ধারালো অস্ত্র দিয়ে দুজনকে কুপিয়ে হত্যা করা হয়। ক্যহ্লাচিং মারমা ফাসিয়াখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য।
লামা থানার ওসি বলেন, পরিবারের সদস্যদের মাধ্যমে বঙ্গবন্ধু সাফারি পার্ক এলাকায় মংহাইসিং মারমাকে কৌশলে ডেকে নিয়ে আসা হয়েছিল। জিজ্ঞাসাবাদে তিনি হত্যাকাণ্ডের বিবরণ দেন। মংহাইসিং নয় মাস আগে ক্যহ্লাচিংয়ের ঘর থেকে ৪৭ হাজার টাকা চুরি করেছিলেন। সালিসে দোষী সাব্যস্ত করা হলে টাকা ফেরত না দিয়ে তিনি পাড়া ত্যাগ করেন। পরে চট্টগ্রামের একটি পোশাক কারখানায় চাকরি নেন। সেখানে খাগড়াছড়ির খাগড়াপুর এলাকার বাসিন্দা সুমন ত্রিপুরার সঙ্গে তাঁর পরিচয় হয়। ক্যহ্লাচিংকে শেষ করে দিতে পারলে দুই থেকে আড়াই লাখ টাকাও নিশ্চিতভাবে পাওয়া যাবে বলে জানান। মংহাইসিং মারমার এ প্রস্তাব সুমন কারখানার আরেক কর্মী খাগড়াপুরের বাসিন্দা এলিউ ত্রিপুরাকে জানান।
ওসি বলেন, এলিউ ত্রিপুরা পুলিশের কাছে স্বীকার করেন, ২৪ মার্চ চট্টগ্রামের ইপিজেড থেকে তাঁরা তিনজন লামার ইয়াংসা ছোট পাড়ায় যান। সন্ধ্যায় পাড়ার পাশে একটি তামাকখেতে অবস্থান নেন তাঁরা। গভীর রাতে বৃদ্ধের ঘরে ঢোকেন। স্বামী-স্ত্রী দুজনকে খুন করার পর ঘরে মাত্র চার হাজার টাকা ও দুটি মুঠোফোন পান তাঁরা। মুঠোফোন দুটি উদ্ধার করা গেছে বলে জানান তিনি।