আড়াই শ টাকার জন্য...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাওনা আড়াই শ টাকা দেওয়ার কথা বলে বুধবার রাতে এসএসসি পরীক্ষার্থী আশরাফুল আলমকে বাসা থেকে মুঠোফোনে রাজধানীর কুড়িলে ডেকে নিয়ে যায় ওই এলাকার তরুণ হৃদয়। আশরাফুল তার দুই বন্ধুকে সঙ্গে নিয়ে ওই টাকা আনতে যায়। অভিযোগ উঠেছে, এ সময় হৃদয় অতর্কিতে আশরাফুলকে ছুরিকাঘাত করে হত্যা করে। 

হাসপাতালে আশরাফুলের বাবা আলমগীর হোসেন প্রথম আলোকে বলেন, আশরাফুল এবার গুলশানের কালাচাঁদপুর মাধ্যমিক বিদ্যালয় থেকে মাধ্যমিক পরীক্ষা (এসএসসি) দিয়েছে। আশরাফুল আড়াই শ টাকা পেত স্থানীয় হৃদয়ের কাছে। ওই টাকা দেওয়ার কথা বলে হৃদয় মুঠোফোনে আশরাফুলকে কুড়িল চৌরাস্তায় ডেকে নিয়ে যায়। আশরাফুলের সঙ্গে তার দুই বন্ধু রিয়াজ ও হাসানও ছিল। তারা কুড়িল চৌরাস্তায় গেলে হৃদয় আশরাফুলের পেট ও দুই হাতে ছুরিকাঘাত করে। এ সময় আশরাফুলকে বাঁচাতে রিয়াজ ও হাসান এগিয়ে গেলে হৃদয় তাদেরও ছুরিকাঘাত করে। হাসান ও রিয়াজের হাতে আঘাত লেগেছে। তাদের কুর্মিটোলা জেনারেল ভর্তি করা হয়েছে।

ভাটারা থানার পুলিশ বলেছে, রক্তাক্ত অবস্থায় আশরাফুলকে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হওয়ার সেখান থেকে রাত ১০টার দিকে আশরাফুলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালে লাশের পাশে আশরাফুলের বাবা আলমগীর কান্নায় ভেঙে পড়েন। তিনি তৈরি পোশাক কারাখানার কর্মকর্তা। তাঁকে সান্ত্বনা জানাতে এসে স্বজনেরাও কান্নায় ভেঙে পড়েন।
প্রতিবেশী আজাদ হোসেন প্রথম আলোকে বলেন, আশরাফুল আলমের কাছ থেকে আড়াই শ টাকা ধার নেয় হৃদয়। ওই টাকা দেব-দিচ্ছি বলে হৃদয় টালবাহানা করে আসছিল। এ নিয়ে তাদের মধ্যে ঝগড়াও হয়।
ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান প্রথম আলোকে বলেন, আশরাফুলের ওপর হামলা চালিয়েছে হৃদয় । এ ঘটনায় অন্য কেই আহত হয়নি। হৃদয়কে গ্রেপ্তারের চেষ্টা চলছে।