আড়াই হাজার চারা গাছ কাটল দুর্বৃত্তরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুরের নবাবগঞ্জে বন বিভাগের জমিতে লাগানো আড়াই হাজার চারাগাছ গতকাল কেটে ফেলে দুর্বৃত্তরা l প্রথম আলো
দিনাজপুরের নবাবগঞ্জে বন বিভাগের জমিতে লাগানো আড়াই হাজার চারাগাছ গতকাল কেটে ফেলে দুর্বৃত্তরা l প্রথম আলো

দিনাজপুরের নবাবগঞ্জে বন বিভাগের আড়াই হাজার গাছের চারা কেটে ফেলা হয়েছে। বনের আড়াই একর জমি দখল করতে কয়েক ব্যক্তি এসব গাছ কেটে ফেলেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল সোমবার ভোরে উপজেলার হরিপুর গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় বন কর্মকর্তা নিশিকান্ত মালাকার জমি দখলের চেষ্টাকারী আবু হানিফ, তাঁর ছেলে আলমগীর ও দুজন দুর্বৃত্তের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ছয়-সাত জনের বিরুদ্ধে নবাবগঞ্জ থানায় এজাহার দিয়েছেন। এ ছাড়া বনের জমিতে বসানো একটি শ্যালো যন্ত্র জব্দ করা হয়েছে।
চরকাই রেঞ্জের হরিপুর বিটের দায়িত্বপ্রাপ্ত বিট কর্মকর্তা নিশিকান্ত মালাকার প্রথম আলোকে বলেন, হরিপুর মৌজায় বনের আড়াই একর জমি দীর্ঘ দিন দখল করে রেখেছিলেন হরিপুর গ্রামের আবু হানিফ, তাঁর ছেলে আলমগীর ও আরও কয়েকজন। গত বছর বন বিভাগ ওই জায়গা দখলমুক্ত করে জুন মাসে সেখানে আড়াই হাজার আকাশমণি গাছের চারা রোপণ করে। এরপর থেকে বিভিন্নভাবে হানিফ ও তাঁর ছেলে ওই জায়গা দখলের পাঁয়তারা করতে থাকেন। কয়েক দিন আগে হানিফ বনের ওই জায়গায় একটি শ্যালোযন্ত্র বসান।

ঘটনার প্রত্যক্ষদর্শী ব্যক্তি বনের উপকারভোগী বুড়িরমণ্ডপ গ্রামের জহির উদ্দিন ও আহম্মদ আলীসাংবাদিকদের বলেন, গতকাল ভোরে হানিফ ও তাঁর ছেলে আলমগীরের নেতৃত্বে আদর্শ গ্রামের রবিউল ইসলাম, কামারপাড়া গ্রামের বিশা মিয়াসহ অজ্ঞাত ছয়-সাত ব্যক্তি রোপণ করা গাছগুলো গোড়া থেকে কেটে ফেলেন। উপকারভোগী হিসেবে তাঁরা বাধা দিলে দুর্বৃত্তরা তাঁদের ভয় দেখিয়ে গাছগুলো কেটে চলে যায়। পরে বিষয়টি তাঁরা বন কর্মকর্তাকে জানান।

অভিযোগ প্রসঙ্গে আবু হানিফ বলেন, বনের জমি অনেকের মতো তিনিসহ কয়েকজন দখল করে রেখেছিলেন। গত বছর বন বিভাগ তাঁদের জমি উদ্ধার করে গাছ লাগালে তাঁরা কোনো বাধা দেননি। তিনিসহ যে কয়েকজনের বিরুদ্ধে বনের গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে, তা সত্য নয়।

নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন বলেন, মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তবে প্রাথমিক অনুসন্ধানে ঘটনার সঙ্গে অভিযুক্ত ব্যক্তিরা জড়িত বলে তথ্য পাওয়া গেছে।