আড়াই হাজার ভারতীয় বাইসাইকেল জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে অবৈধভাবে আমদানি করা আড়াই হাজার ভারতীয় বাইসাইকেল জব্দ করা হয়েছে। গত মঙ্গলবার পঞ্চগড়-ঢাকা মহাসড়কের জেলা প্রশাসন ও পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের টাস্কফোর্স এগুলো আটক করে। এ সময় ট্রাকসহ নয়জনকে আটক করা হয়।
জেলা প্রশাসন ও পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়ন সূত্রে জানা যায়, এবি ব্রাদার্সের স্বত্বাধিকারী বিনয় কুমার আমদানি করা ৪৮০টি ভারতীয় বাই সাইকেলের রাজস্ব দিয়ে বাংলাবান্ধা স্থলবন্দর ও কাস্টমস কর্তৃপক্ষকে ম্যানেজ করে অবৈধভাবে আড়াই হাজার বাইসাইকেল নিয়ে আসেন। কাস্টমস কর্তৃপক্ষ ভারতীয় পণ্যবাহী গাড়িগুলো থেকে পণ্য খালাস করে বাংলাদেশি ট্রাকে পণ্য পরিবহনের অনুমতি দেয়। মঙ্গলবার সন্ধ্যায় ট্রাকগুলো ঢাকার উদ্দেশে বাংলাবান্ধা স্থলবন্দর ত্যাগ করে। পরে প্রায় ৫৭ লাখ টাকা সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে পণ্য আমদানির বিষয়টি জানতে পেরে জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন ও পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আশরাফুল হকের নেতৃত্বে বাইসাইকেলগুলো জব্দ করা হয়। এসব বাইসাইকেলের মূল্য প্রায় আড়াই কোটি টাকা।
কাস্টমস, ভ্যাট ও এক্সাইজের সহকারী কমিশনার মোহাম্মদ জাকারিয়া এ বিষয়ে কোনো কথা বলতে চাননি। তবে বাংলাবান্ধা স্থলবন্দরের রাজস্ব কর্মকর্তা জাকির হোসাইন বলেন, ৪৮০টি সাইকেলের অনুকূলে ৭ লাখ টাকা রাজস্ব আদায় করা হয়েছে। তবে অতিরিক্ত ২ হাজার ২০টি সাইকেলের ছাড়পত্র কীভাবে দেওয়া হয়েছে তা তাঁর জানা নেই।
পঞ্চগড়ের জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ উদ্দিন জানান, অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।