নারায়ণগঞ্জের আড়াইহাজারে গত শনিবার রাতে পুলিশের উপস্থিতিতে আওয়ামী লীগের এক পক্ষ অপর পক্ষের তিন সমর্থকের বাড়িতে হামলা ও লুটপাট চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। হামলায় ১৫ জন আহত হয়েছেন।
উপজেলার খাগকান্দা ইউনিয়নের কাকাইলমোড়া গ্রামের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নুরু প্রধানের ভাতিজা বাবুল, রোস্তম আলী ও আলী হোসেনের বাড়িতে এ হামলা চালানো হয়। আহতদের আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও সোনারগাঁ উপজেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। লুট করা গরু জবাই করে ওই রাতেই ভূরিভোজের আয়োজন করা হয় বলে জানা যায়।
আহত বাবুল বলেন, সম্প্রতি খাগকান্দা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোস্তফা আওয়ামী লীগে যোগ দেন। তারপর থেকেই তিনি ও স্থানীয় লোকমান, মোস্তফা, শহিদুল্লাহ, কামাল, জুলহাস, তোতাসহ একটি চক্র আওয়ামী লীগের পুরোনো নেতা-কর্মীদের ওপর নির্যাতন চালাচ্ছেন।
এলাকাবাসী ও ভুক্তভোগীরা বলেন, শনিবার রাত আটটার দিকে বাবুল, রোস্তম আলী ও আলী হোসেনের বাড়িতে অস্ত্র নিয়ে হামলা চালায় লোকমান, মোস্তফা, শহিদুল্লাহ, কামাল, জুলহাস, তোতাসহ ৫০-৫৫ জনের একটি দল। তাঁরা রোস্তম আলীর তিনটি বসতঘরে ভাঙচুর ও লুটপাট চালিয়ে সব মালামাল এবং দুটি ছাগল নিয়ে যান। পরে তাঁরা বাবুলের ৭৫ হাজার টাকা, টেলিভিশন, রেফ্রিজারেটরসহ ঘরের মালামাল ও একটি গরু এবং আলী হোসেনের ঘরের মালামাল ও চারটি গরু লুট করে নিয়ে যান।
প্রত্যক্ষদর্শী নয়জন বলেন, রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত চলে এই তাণ্ডব। হামলার সঙ্গে সঙ্গেই পুলিশকে খবর দেওয়া হলে আড়াইহাজার থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) ফরমান আলীসহ কয়েকজন পুলিশ সদস্য সেখানে উপস্থিত হন। তবে তাঁরা হামলাকারীদের থামাতে পারেননি। পরে থানা থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে পুলিশ হামলাকারীদের কাউকে গ্রেপ্তার করেনি।
সন্ত্রাসীদের লুটপাটে বাধা দিতে গিয়ে ধারালো অস্ত্রের আঘাতে আহত হন ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নুরু প্রধানের মেয়ে বেবী (৫৫), খাগকান্দা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মুঞ্জুর হোসেন (২৮), বাবুল (৩৫), আশিক (৩২), আছমা (২৭), শাহ পরান (২৭), জিলানী (২৫), শরীফ (২০), দুখাই (২৭), রুবেল (১৭), শাহ পরান (১৬), সফিকুল (২২)। বাকি তিনজনের পরিচয় জানা যায়নি। আহতদের মধ্যে বেবী, আছমা ও আশিককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহত বাবুলের ভাই মকবুল অভিযোগ করে বলেন, শনিবার রাতেই লুট করা গরু জবাই করে লোকমান ও মোস্তফার বাড়িতে ভূরিভোজের আয়োজন করা হয়।
এলাকার ১২ জন বাসিন্দাও এ রকম তথ্য দিয়েছেন।
অপর দিকে বিএনপি থেকে আওয়ামী লীগে যোগদানকারী মোস্তফা বলেন, তাঁরা এ ঘটনার সঙ্গে জড়িত নন। বরং বাবুলের লোকজন কয়েক দিন আগে তাঁদের লোক জুলহাসের রান্নাঘরে ও খড়ের গাদায় আগুন ধরিয়ে দেয়।
আড়াইহাজার থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) ফরমান আলীর সঙ্গে যোগাযোগ করা যায়নি। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন বলেন, দুই পক্ষের মধ্যে শত্রুতা ছিল। এ নিয়েই হামলার ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে এ ব্যাপারে গতকাল রোববার সন্ধ্যা সাতটা পর্যন্ত থানায় কেউ মামলা করেননি।