আড়াইহাজারে কুপিয়ে ও হাতুড়িপেটা করে যুবককে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার গোপালদী পৌরসভার কালামেরকান্দি এলাকায় গতকাল সোমবার সন্ধ্যায় নজরুল ইসলাম নামের এক যুবককে কুপিয়ে ও হাতুড়িপেটা করে হত্যা করা হয়েছে।
নজরুল ইসলাম (৩২) উপজেলার লক্ষ্মীবরদী এলাকার আবুল হোসেনের ছেলে এবং আওয়ামী লীগের স্থানীয় নেতা আবুল বাশার ওরফে কাসুর ভাতিজা।
পুলিশ ও স্থানীয় সূত্র থেকে জানা যায়, গতকাল সন্ধ্যা সাতটার দিকে কালামেরকান্দি এলাকার সড়কে নজরুল ইসলামসহ ২০-২৫ জন যুবক নিজেদের মধ্যে বাগ্বিতণ্ডায় লিপ্ত হন। একপর্যায়ে কালামেরকান্দি এলাকার কয়েকজন নজরুলকে এলোপাতাড়ি কোপাতে থাকেন। পরে হাতুড়ি ও ইট দিয়ে তাঁর মাথা থেঁতলে সড়কের পাশে ফেলে তাঁরা চলে যান। স্থানীয় লোকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। নজরুল নরসিংদী জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক বলে তাঁর পারিবারিক সূত্র জানিয়েছে।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন বলেন, নজরুল একটি সন্ত্রাসী গ্রুপের সঙ্গে বৈঠক করছিলেন। সে সময় এলাকাবাসী তাঁদের ওপর হামলা চালায়। অন্যরা পালিয়ে গেলেও নজরুলকে ধরে পিটুনি দেয় এলাকাবাসী। ওসি বলেন, নজরুল এলাকায় চাঁদাবাজি, ডাকাতি, ছিনতাইসহ নানা অপরাধে জড়িত ছিলেন। তাঁর এসব কর্মকাণ্ডে এলাকাবাসী অতিষ্ঠ। নজরুলের বিরুদ্ধে নরসিংদী সদর থানায় হত্যা, চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে ছয়টি এবং আড়াইহাজার থানায় হত্যাসহ তিনটি মামলা রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।