আড়াইহাজারে কৃষকের জমি ভরাট করছেন আ.লীগ নেতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের আড়াইহাজারে কৃষকদের ফসলি জমিতে জোর করে বালু ফেলে ভরাট করা হচ্ছে। ব্রাহ্মন্দী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও আওয়ামী লীগের স্থানীয় নেতা লাক মিয়া এ কাজ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

গোবিন্দী গ্রামের বাসিন্দাদের অভিযোগ, শিল্পায়নের নামে জমি দখল করতে গিয়ে উপজেলা আওয়ামী লীগের সদস্য লাক মিয়া শুধু ফসলি জমিই ভরাট করেননি, জমির পাশে রাস্তায় সামাজিক বনায়নের সরকারি গাছগুলোও কেটেও ফেলেছেন।

জমি দখলের অভিযোগ অস্বীকার করে ব্রাহ্মন্দী ইউপি চেয়ারম্যান লাক মিয়া বলেন, ‘জমিগুলো আমার নিজের কেনা। সেই জমিগুলো ভরাট করছি। যারা অভিযোগ করছে তারা মিথ্যা বলেছে।’

স্থানীয় লোকজন গত শুক্রবার জেলা প্রশাসক আনিসুর রহমানকে বিষয়টি জানালে তিনি তাৎক্ষণিকভাবে আড়াইহাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সামছুল হক ও সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ শরিফুল হককে ঘটনাস্থল পরিদর্শনের নির্দেশ দেন।

গত রোববার বেলা ১১টায় ইউএনও ও সহকারী কমিশনার ফকিরবাড়ী ফাউসা সড়কের উজান গোবিন্দী হাইস্কুলের কাছে ফসলি জমিতে বালু ভরাট এলাকা পরিদর্শন করেন। এ সময় গ্রামবাসী অভিযোগ করেন, কয়েক সপ্তাহ ধরে ট্রাক দিয়ে বালু এনে এসব জমি ভরাট করা হচ্ছে। ব্রাহ্মন্দী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি বশির আহমেদ মাসুদ ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মনির যৌথভাবে এই বালু ভরাটের ইজারা নিয়েছেন। অভিযোগের সত্যতা পেয়ে কাজ বন্ধ রাখার জন্য আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) অনুরোধ করেন ইউএনও ও সহকারী কমিশনার (ভূমি)।

গ্রামের হাসান ঢালী বলেন, তাঁর ৬ শতাংশ জমিতে জোর করে বালু ফেলা শুরু হলে তিনি বাধা দেন। কিন্তু লাক মিয়া ও তাঁর লোকজন তাঁকে উল্টো হুমকি দেয়। একই অভিযোগ করেন স্থানীয় জহিরুল ফকির। তাঁর ২৮ শতাংশ জমিতে বালু ফেলা হয়েছে।

এ ছাড়া বড় বিনাইর চরের সাহিদার পরিবারের ৫১ শতাংশসহ আশপাশের কয়েক বিঘা জমি বালু দিয়ে ভরাট করা হচ্ছে। ওই সব পরিবারের সদস্যরা জানান, রাত ১০টা থেকে ফজরের আজানের আগ পর্যন্ত ১২-১৪টি ট্রাক দিয়ে এসব জমিতে বালু ফেলা হচ্ছে।

ইউএনও মোহাম্মদ সামছুল হক বলেন, বিষয়টি জেলা প্রশাসককে জানানো হয়েছে। জেলা প্রশাসন এ বিষয়ে তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে। কমিটির প্রতিবেদনের ভিত্তিতে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।