আড়াইহাজারে গুলিবিদ্ধ লাশ উদ্ধার, দুপচাঁচিয়ায় পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' আহত ২
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় এক ব্যক্তির গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার ভোরে উপজেলার মর্দাসাদী গ্রামে এই ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে একটি গুলিসহ একটি পিস্তল ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। অন্যদিকে, বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় গতকাল শনিবার রাতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন।
আড়াইহাজারে নিহত ব্যক্তির নাম জাকির হোসেন (৩৫)। জাকির ঢাকার দক্ষিণখানের গোয়ালবাড়ি এলাকার নুর মিয়ার ছেলে। পুলিশের দাবি, জাকির ডাকাতি করতেন। ডাকাতির মালামাল ভাগাভাগি নিয়ে দুই দলের মধ্যে গোলাগুলিতে তিনি নিহত হয়েছেন।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ হক জানান, ভোরে ডাকাতির মালামালের ভাগাভাগি নিয়ে দুই দল ডাকাতের মধ্যে বন্দুকযুদ্ধ হয়। গুলির শব্দ শুনে টহল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জাকির হোসেনকে আহতাবস্থায় পড়ে থাকতে দেখে। এ সময় তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে একটি গুলিসহ একটি পিস্তল, গুলির খোসা ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
ওসি জানান, নিহত জাকির হোসেনের বিরুদ্ধে ডাকাতিসহ সাতটি মামলা রয়েছে। এই ঘটনায় থানায় মামলা হয়েছে।
অন্যদিকে, দুপচাঁচিয়ায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মাহবুবর রহমান ওরফে মাহবুব (৩৫) নামের এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন। তাঁকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। মাহবুব উপজেলা সদরের ডিমশহর মহল্লার রফিকুল ইসলামের ছেলে। এ ঘটনায় পুলিশ জাকারিয়া (২৮) নামের এক ব্যক্তিকে আহত অবস্থায় গ্রেপ্তার করেছে। পুলিশের দাবি, তাঁরা দুজনই মাদক ব্যবসার সঙ্গে জড়িত।
দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক বলেন, দুপচাঁচিয়া-তালোড়া সড়কের পশ্চিম আলোহালী গ্রামের এক আমবাগানে গতকাল দিবাগত রাত দেড়টার দিকে চার-পাঁচজন মাদক ব্যবসায়ী ভাগ-বাঁটোয়ারা নিয়ে জটলা করে। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পুলিশের ওপর কয়েকটি গুলি ছোড়ে এবং ককটেল বিস্ফোরণ ঘটায়। পুলিশ পাল্টা রাবার বুলেট ছুড়লে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় মাহবুব ও জাকারিয়াকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয়।
ওসি জানান, মাদক ব্যবসায়ীদের ককটেল বিস্ফোরণের আঘাতে পুলিশের এক কর্মকর্তা আবু বক্কর ছিদ্দিক ও পুলিশ সদস্য নূরে আলম আহত হয়েছেন। তাঁরা বগুড়া পুলিশ লাইনের হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় পুলিশের উপপরিদর্শক (এসআই) আবদুর রহিম বাদী হয়ে তিনটি মামলা দায়ের করেছেন।