আড়াইহাজারে গৃহবধূকে অ্যাসিড নিক্ষেপ
নারায়ণগঞ্জের আড়াইহাজারে অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় গৃহবধূকে অ্যাসিড নিক্ষেপ করে পালিয়েছে প্রতিবেশী এক যুবক। গুরুতর অবস্থায় গৃহবধূকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
গত সোমবার রাত ১০টার দিকে উপজেলার গোপালদী পৌরসভার রামচন্দ্রদী গ্রামে এ ঘটনা ঘটে।
অ্যাসিডদগ্ধ গৃহবধূর স্বামী সাংবাদিকদের জানান, উপজেলার গোপালদী পৌরসভার রামচন্দ্রদী গ্রামের বাড়িতে রাত ১০টার দিকে কাজ করার সময় প্রতিবেশী আলেকের ছেলে আমির হোসেন তাঁর স্ত্রী রেহানার (৩০) শরীরে অ্যাসিড নিক্ষেপ করে পালিয়ে যায়। অ্যাসিডে রেহানার ঘাড়, পিঠসহ শরীরের অনেকাংশ ঝলসে যায়। বাড়ির লোকজন রেহানাকে উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে তাঁকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এলাকাবাসী জানান, ওই গৃহবধূর স্বামী মালয়েশিয়ায় থাকতেন। তিনি মালয়েশিয়া থাকাকালে আমির হোসেন গৃহবধূকে প্রায়ই উত্ত্যক্ত করত। এতে ওই গৃহবধূ প্রতিবাদ করলে আমির কয়েকবার তাঁকে ধর্ষণের চেষ্টা করে। এ সংবাদ পেয়ে স্বামী মালয়েশিয়া থেকে দেশে ফিরে এসে চলতি মাসের প্রথম সপ্তাহে নারায়ণগঞ্জ আদালতে আমির হোসেনের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা করেন। এতে ক্ষিপ্ত হয়ে আমির হোসেন অ্যাসিড নিক্ষেপ করেছে। অ্যাসিডদগ্ধ গৃহবধূর দুটি কন্যাসন্তান রয়েছে।
ঘটনার সত্যতা স্বীকার করে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর জানান, আমির হোসেনকে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালিয়ে যাচ্ছে।