আড়াইহাজারে চীনের পাঁচ নাগরিকের ওপর হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার বাঘবাড়ি এলাকায় আজ রাতে চীনের পাঁচজন নাগরিকের ওপর হামলা চালানো হয়েছে। আহত অবস্থায় তাঁদের প্রথমে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আড়াইহাজার থানার পরিদর্শক (তদন্ত) আরিফুর রহমান বলেন, উপজেলার বাঘবাড়ি এলাকায় বিএনপির সাবেক নেতা মৃত রোকনউদ্দিন মোল্লার বন্ধ হয়ে যাওয়া আর এম গ্রুপের একটি স্থাপনা আছে। কয়েকজন চীনা ব্যবসায়ী রোকনউদ্দিনের ছেলেদের কাছ থেকে ওই স্থাপনার কয়েকটি গুদামঘর ভাড়া নিয়ে সেখানে পাওয়ার লুম কারখানার বিভিন্ন মেশিন ও যন্ত্রাংশের ব্যবসা করতেন। সোমবার রাত ৮টার দিকে আর এম গ্রুপের মূল ফটকের নিরাপত্তাকর্মী রফিকুলের সঙ্গে ফটক খোলা নিয়ে চীনের ব্যবসায়ীদের বাগ্‌বিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। এই ঘটনার জের ধরে রোকনউদ্দিনের ছেলে মাঈনউদ্দিন ওরফে মনু ১০ থেকে ১২ জন লোক সঙ্গে নিয়ে রড, লাঠি দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে পাঁচজনকে আহত করে।
আহত ব্যক্তিরা হলেন: ওয়াংহুই (২৫), লিজিমিং (২৫), লি বাও ডং (৪৫), ছং ইয়া ফেং (৩৬) এবং ইয়াং উই ক্যাং (২৭)।
আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মো. শামীম বলেন, পাঁচজনকে মারাত্মক আহত অবস্থায় স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়েছিল। তাঁদের মাথাসহ দেহের বিভিন্ন স্থানে রক্ত ও জখমের চিহ্ন ছিল। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর আহত ব্যক্তিদের ইচ্ছা অনুযায়ী তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
খবর পেয়ে নারায়ণগঞ্জ খ অঞ্চলের সহকারী পুলিশ সুপার (এএসপি) জহিরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ কামাল হোসেন ও আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন।
ওসি মো. সাখাওয়াত হোসেন বলেন, ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে নিরাপত্তাকর্মী রফিকুলকে আটক করা হয়েছে। বাকিদের আটকের চেষ্টা চলছে। তবে রাত ১১টা পর্যন্ত এই ঘটনায় থানায় কেউ মামলা করেনি।